
৪৮ দলের বিশ্বকাপ এখন পৌঁছে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে। শিরোপার লড়াইয়ে টিকে আছে মাত্র আটটি দল। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ শেষে নিশ্চিত হবে কোন চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। শেষ আটে ইউরোপের ছয়টি দলের উপস্থিতি এবারও সেই অঞ্চলের শক্তির প্রমাণ দিয়েছে। বাকি দুটি দল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং আফ্রিকার মরক্কো।
কোয়ার্টার ফাইনালের আগে বিশ্ব ফুটবলের পরিসংখ্যান বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টা তাদের সুপারকম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে। দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স, খেলোয়াড়দের ব্যক্তিগত পরিসংখ্যান, মুখোমুখি লড়াইয়ের রেকর্ডসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তারা সম্ভাব্য ফলাফল নির্ধারণ করেছে। সেই হিসাবে সেমিফাইনালে ওঠার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা।
অপ্টার হিসাবে, মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৭২ দশমিক ১০ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৭ দশমিক ৯০ শতাংশ। বেলজিয়ামের বিপক্ষে স্পেনের সম্ভাবনা ৭০ দশমিক ৭২ শতাংশ, আর বেলজিয়ামের ২৯ দশমিক ২৮ শতাংশ। নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ৯৬ শতাংশ, বিপরীতে নরওয়ের সম্ভাবনা ৩৮ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাবনা ৬৩ দশমিক ৬২ শতাংশ, আর সুইজারল্যান্ডের ৩৬ দশমিক ৩৮ শতাংশ।
অপ্টার পূর্বাভাস সাম্প্রতিক সময়ে বেশ নির্ভুলও ছিল। শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে ছয়টির ফল তারা আগেই সঠিকভাবে অনুমান করেছিল। পাশাপাশি নকআউট পর্বের প্রথম ধাপের ১৬টি ম্যাচের মধ্যে ১৪টির সম্ভাব্য বিজয়ীও তাদের পূর্বাভাসের সঙ্গে মিলেছিল।
অপ্টা জানিয়েছে, প্রতিটি ম্যাচের সম্ভাব্য ফল নির্ধারণ করতে তাদের সুপারকম্পিউটার প্রায় ১০ হাজারবার কৃত্রিমভাবে ম্যাচের হিসাব চালায়। এরপর দলগুলোর বর্তমান অবস্থা, আক্রমণ ও রক্ষণভাগের কার্যকারিতা, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং অতীতের তথ্য বিশ্লেষণ করে প্রতিটি দলের জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়।
এদিকে ব্রাজিলের গণমাধ্যম ও গ্লোবো’র সম্ভাবনা নির্ধারণকারী বিশ্লেষণেও ফ্রান্স ও আর্জেন্টিনাকে এগিয়ে রাখা হয়েছে। তাদের হিসাব বলছে, এই দুই দল কোয়ার্টার ফাইনাল পেরিয়ে ফাইনালেও উঠতে পারে। এমনকি ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ১০ দশমিক ৫ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচেই বদলে যেতে পারে সব হিসাব। তবু পরিসংখ্যানের ভিত্তিতে করা সর্বশেষ পূর্বাভাসে সেমিফাইনালের পথে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনাকে।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৬/টিএ


















