বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও দেশে ফিরে দারুণ সংবর্ধনা পেয়েছে নরওয়ে ফুটবল দল। সোমবার রাজধানী অসলোতে হাজারো মানুষ দলটিকে স্বাগত জানাতে জড়ো হন। নরওয়ের রাজপরিবারের সদস্যরাও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো শহরজুড়ে ছিল উৎসবের পরিবেশ।
এবারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলেছে নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারিয়ে তারা পরের পর্বে ওঠে। এরপর আইভোরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সবচেয়ে বড় সাফল্য অর্জন করে নরওয়ে।
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে খেলা নরওয়ের হয়ে দারুণ পারফরম্যান্স দেখান আরলিং হালান্ড। দেশে ফেরার সময় দলটির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নরওয়ের সামরিক বাহিনীর যুদ্ধবিমান খেলোয়াড়দের বহনকারী বিমানকে অসলো পর্যন্ত নিরাপত্তা দিয়ে নিয়ে আসে। বিমানবন্দরে পৌঁছানোর পর ফুটবলারদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজপরিবারের সদস্যরা ফুটবলারদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। বিশ্বকাপে নরওয়ের উদযাপনের অংশ হয়ে ওঠা ঢোল বাজানোর আয়োজনেও অংশ নেন যুবরাজ হাকোন। অধিনায়ক মার্টিন ওদেগার্ড ও আরলিং হালান্ডের মতো তিনিও ঢোল বাজিয়ে অনুষ্ঠানের শুরু করেন।
পরে খোলা ছাদওয়ালা বাসে শহর ঘুরে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন ফুটবলাররা। সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ হাত নেড়ে তাদের অভিনন্দন জানান। খেলোয়াড়রাও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।
নরওয়ের বিশ্বকাপ যাত্রা শেষ হয় কোয়ার্টার ফাইনালে। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের একমাত্র গোলে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় দলটি। এই জয়ে ইংল্যান্ড সেমিফাইনালে উঠে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পায়।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৬/টিএ



