Connect with us
অন্যান্য

২৫ তম শীতকালীন অলিম্পিকের পর্দা উঠছে কাল

OLYMPIC
অলিম্পিক। ছবি : সংগৃহীত

আগামীকাল (শুক্রবার) পর্দা উঠছে ২৫ তম শীতকালীন অলিম্পিকের। ইতালির দুই শহর মিলান ও কোর্তিনা দ’আম্পেজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিকের এবারের আসর। একযোগে দুই শহরে মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হবে অলিম্পিকের যাত্রা। 

অলিম্পিকের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান ভেন্যু মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়াম। একই সময়ে কোর্তিনা দ’আম্পেজোর অলিম্পিক আইস স্টেডিয়ামেও চলবে উদযাপন। স্টেডিয়ামে উপস্থিত দর্শকের পাশাপাশি বড় পর্দায় দুই শহরের অনুষ্ঠান একে অপরের জন্য সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ সময় রাত ১টায় মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বেশকিছু চমক। অনুষ্ঠানে দপখা যাবে মারাইয়া কেরি, আন্দ্রেয়া বোচেল্লি ও লরা পাউসিনির মতো তারকাদের। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে পিয়েরফ্রানচেস্কো ফাভিনো, সাব্রিনা ইমপাচিয়াতোরে এবং ইতালিয়ান র‍্যাপার ঘালিকে।



শীতকালীন অলিম্পিকের ২৫ তম আসরে অংশ নিচ্ছে ৯০টি দেশের প্রায় ২ হাজার ৯শ অ্যাথলেটস। এদের মধ্যে নারী অ্যাথলেটের অংশগ্রহণ ৪৭ শতাংশ। ৮টি খেলায় ১৬টি ডিসিপ্লিনে মোট ১১৬টি মেডেল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা।

অলিম্পিকের প্রধান দুই শহর মিলান ও কোর্তিনা দ’আম্পেজোতে অনুষ্ঠিত হবে বেশিরভাগ খেলা। এর মধ্যে মিলানে অনুষ্ঠিত হবে আইস হকি, ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং ও শর্ট ট্র্যাক। আর কোর্তিনা দ’আম্পেজোতে হবে নারী আলপাইন স্কিইং, লুজ, ববস্লে, স্কেলেটন ও কার্লিং।

এছাড়াও লিভিনিওতে ফ্রিস্টাইল স্কিইং ও স্নোবোর্ডিং, অ্যানথলৎসে বায়াথলন, বোরমিও ও ভ্যাল দি ফিয়েমেতে পুরুষ আলপাইন স্কিইং এবং স্কি মাউন্টেনিয়ারিংয়ের আসর বসবে।

ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in অন্যান্য