Connect with us
ক্রিকেট

ভারতের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কার মেঘ এখনো কাটেনি

BAN vs IND
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের অনিশ্চয়তা দূর হয়নি এখনো।

দুই বছর পেরোলেও বাংলাদেশ-ভারত সম্পর্কের তিক্ততা এখনো কমেনি। ভারত দলের বাংলাদেশ সফর নিয়ে কিছুদিন আগেও ইতিবাচক বার্তা পাওয়া গিয়েছিল। দুই দলের সম্ভাব্য সিরিজের সূচিও সামনে আসে। কিন্তু এর মধ্যে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

সম্ভাব্য সূচির পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ থেকে ১৩ আগস্টের মধ্যে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। তবে সিরিজটি ঘিরে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি।

ভারত সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নতুন কিছু পরিস্থিতিতে সিরিজের আয়োজন নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাংলাদেশ সফরের পথে এখনো বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে সম্প্রচার স্বত্বের দরপত্র প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।



এর আগে বিসিবি জানিয়েছিল, সিরিজের টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার স্বত্বের দরপত্র গ্রহণ করা হবে ২২ জুলাই পর্যন্ত। তবে ১৪ জুলাই পার হতে চললেও আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) নথি এখনো প্রকাশ করা হয়নি।

ইওআই প্রকাশে বিলম্বের কারণে বিশেষ করে ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিরিজটি নির্ধারিত সময়ে আয়োজন নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।

তবে বিলম্বের কারণ ব্যাখ্যা করেছেন বিসিবির এক কর্মকর্তা। ক্রিকবাজকে তিনি জানান, পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসায় ইওআই নথি প্রকাশে দেরি হচ্ছে।

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো ইওআই নথি প্রকাশ করিনি। কারণ পরিকল্পনায় সামান্য পরিবর্তন এসেছে। দরপত্র আহ্বানের আগে বাজার পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। ভারত সিরিজের কারণে ইওআই আটকে রাখা হয়েছে—এটি ঠিক নয়।’

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত বছর বাংলাদেশে আসেনি ভারত। ফলে দু’দেশের সিরিজটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী আগস্টের শুরুতে ভারতীয় দলকে আতিথ্য দেওয়ার কথা বাংলাদেশের। তবে বিদ্যমান প্রতিবন্ধকতার কারণে নির্ধারিত সময়ে সিরিজটি মাঠে গড়াবে কি না, তা এখনো নিশ্চিত না।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৬/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট