Connect with us
ফুটবল

বিশ্বকাপে সেরা গোল আর্জেন্টিনার বিপক্ষে করা কেপ ভার্দের কাবরালের

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে ফুটবলারের গোলই বিশ্বকাপের সেরা। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে কয়েক দিন আগে। তবে টুর্নামেন্টের নানা মুহূর্ত নিয়ে আলোচনা এখনো চলছে। এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিশ্বকাপের সেরা গোলের নাম ঘোষণা করেছে। সেই স্বীকৃতি পেয়েছেন কেপ ভার্দের ডিফেন্ডার সিদনি লোপেস কাবরাল। আর্জেন্টিনার বিপক্ষে তাঁর করা গোলটিকেই টুর্নামেন্টের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

শেষ বত্রিশের সেই ম্যাচটি হয়েছিল ৪ জুলাই। অতিরিক্ত সময়ে সতীর্থ ইয়ানিক সেমেদোর কাছ থেকে বল পেয়ে কয়েকজন রক্ষণভাগের খেলোয়াড়কে পাশ কাটিয়ে ডান পায়ের দারুণ এক শটে জাল খুঁজে নেন কাবরাল। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বলটির নাগালই পাননি। গোলটি হওয়ার পর কেপ ভার্দের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা যায়।

যদিও সেই ম্যাচে শেষ পর্যন্ত জয় পায়নি কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের শেষ দিকে আর্জেন্টিনা আরেকটি গোল করে ৩–২ ব্যবধানে ম্যাচ জিতে নেয়। ফলে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের পথচলা শেষ হয়ে যায় শেষ বত্রিশেই। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের লড়াই ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছিল।



বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই দারুণ চমক দেখিয়েছিল আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো দলের বিপক্ষে পয়েন্ট তুলে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। দেশে ফেরার পর পুরো দলকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়।

কাবরাল বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি পেলেও টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা পাননি। তবে কেপ ভার্দে থেকে জায়গা করে নিয়েছেন গোলরক্ষক ভোজিনিয়া। পুরো আসরে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের জন্য তাঁকে সেরা একাদশে রাখা হয়েছে।

এবারের বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে তারা আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর শিরোপা না জিতলেও কেপ ভার্দের হয়ে কাবরালের সেই অসাধারণ গোল বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল।

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল