
বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম সেরা ম্যাচ উপহার দিল ইংল্যান্ড ও মেক্সিকো। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা এই লড়াইয়ে ছিল পাঁচটি গোল, একটি লাল কার্ড এবং দুটি পেনাল্টি। শেষ পর্যন্ত ৩–২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ নরওয়ে।
মেক্সিকো সিটি স্টেডিয়ামে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে প্রথম বড় সুযোগগুলো কাজে লাগায় ইংল্যান্ড। জুড বেলিংহাম ৩৬ ও ৩৮ মিনিটে পরপর দুটি গোল করে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন। এই বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে মেক্সিকো।
দুই গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। ৪২ মিনিটে হুলিয়ান কিনিওনেস একটি গোল শোধ দেন। প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকটি ভালো সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি মেক্সিকো। ফলে বিরতিতে ২–১ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
বিরতির পর ম্যাচের মোড় ঘুরে যেতে পারত। ৫৪ মিনিটে মেক্সিকোর হেসুস গায়ার্দোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় জ্যারেল কোয়ানসা। ১০ জনের দলে পরিণত হলেও পিছিয়ে পড়েনি ইংল্যান্ড। বরং ৬০ মিনিটে পেনাল্টি পায় তারা। গোলরক্ষক রাউল রানহেল বক্সের মধ্যে অ্যান্থনি গর্ডনকে ফাউল করলে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩–১ করেন হ্যারি কেইন।
এরপর অবশ্য নিজের ভুলেই মেক্সিকোকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন কেইন। ৬৮ মিনিটে নিজের দলের সীমানার মধ্যে ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করলে পেনাল্টি পায় মেক্সিকো। সেই সুযোগ থেকে গোল করেন রাউল হিমিনেজ। ব্যবধান কমে ৩–২ হলেও শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে ইংল্যান্ডের খেলোয়াড়রা। অন্যদিকে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় মেক্সিকোর। অনেকের মতে, এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের সবচেয়ে উপভোগ্য ম্যাচগুলোর একটি হয়ে থাকবে এই লড়াই।
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৬/টিএ




















