
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন সৌম্য সরকার। তবে স্কোয়াডে থেকেও পুরোটা সিরিজ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাকে। এবার নিউজিল্যান্ড সিরিজেও কপাল পুড়তে পারে সৌম্যর। সিরিজ শুরুর দু’দিন আগে এমন আভাসই দিলেন প্রধান কোচ ফিল সিমন্স।
ওপেনিংয়ের একটি স্লটে পুরোপুরি সেট তানজিদ হাসান তামিম। অপর স্লটে সৌম্য সরকার ও সাইফ হাসানের মধ্যে থেকে একজন সুযোগ পাবেন। দ্বিতীয় জায়গাটি পূরণের জন্য সাইফকেই এগিয়ে রাখছেন টিম ম্যানেজমেন্ট। যে কারণে এই সিরিজটাও বেঞ্চে বসেই কাটাতে হতে পারে সৌম্যকে।
আজ বুধবার (১৫ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে এসে সিমন্স বলেন, ‘সৌম্য দারুণ ব্যাটার। তবে আমাদের একজনকে বেছে নিতে হতো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বিপিএল ও বিসিএলের মাঝখানে অনেক দিন সে খেলায় ছিল না। তবে এটা দুর্ভাগ্যজনক যে, সে ভালো করেও একাদশে সুযোগ পারছে না। তবে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে বিসিবির প্রস্তুতি ম্যাচেও ভালো পারফরম্যান্স করেছেন সাইফ। বিসিবির ‘এ’ টিমের হয়ে সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। অবশ্য ‘বি’ টিমের হয়ে ফিফটির দেখা পেয়েছিলেন সৌম্য। তবে ওপেনিংয়ে সাইফকে নিয়েই প্রশংসা ঝরেছে প্রধান কোচের মুখে।
সিমন্স বলেন, ‘গত ম্যাচে ভালো জুটি হয়েছে। প্রস্তুতি ম্যাচেও ভালো করেছে ছেলেরা। সাইফ ভালো করেছে। সে আশানুরূপ পারফরম্যান্স করেছে। এখন মনে হচ্ছে ওপেনিং জুটি অনেকটাই ঠিক হয়ে গেছে।’
অবশ্য সবশেষ পাকিস্তান সিরিজে তানজিদ দুর্দান্ত পারফরম্যান্স করলেও ব্যাট হাতে রাঙাতে পারেননি সাইফ। ৩ ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ১৭৫ রান করেন তানজিদ। অন্যদিকে সাইফ ৩ ম্যাচে করেন ৫২ রান। তবে নিউজিল্যান্ড সিরিজেও তানজিদ-সাইফের ওপরই আস্থা রাখতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৬/বিটি



















