Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ জানাল তামিমরা

Tamim
অভিযোগ জানাচ্ছে ক্লাব সংগঠকরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন ঢাকার কয়েকটি ক্লাবের সংগঠকরা। সেই নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে তারা এবার ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানাতে যাচ্ছেন। এই উদ্যোগে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক।

গত বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচন শুরুর আগেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন ঢাকার কয়েকটি ক্লাবের সংগঠক। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তখন তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নির্বাচনের ঠিক আগে ঢাকার ১৬টি ক্লাব ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের অভিযোগ ছিল, নির্বাচনে সরকারি প্রভাব ও নানা ধরনের অনিয়ম হয়েছে। এ কারণে সেই সময় কয়েকটি ক্লাব ঘরোয়া ক্রিকেট থেকেও নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়।



এর প্রভাব পড়ে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায়ও। সেখানে আটটি ক্লাব অংশ না নেওয়ায় ২০ দলের প্রতিযোগিতা শেষ পর্যন্ত ১২ দলে অনুষ্ঠিত হয়। অন্য কয়েকটি প্রতিযোগিতাও অনিশ্চয়তার মধ্যে পড়ে।

নির্বাচনের পর নতুন কমিটির অধীনে বিপিএলসহ কয়েকটি প্রতিযোগিতা আয়োজন করা হলেও ক্লাব ক্রিকেটের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। গত কয়েক মাস ধরে এই অস্থিরতা চলছেই। বর্তমান কমিটির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে ঢাকার প্রায় ৪৫টি ক্লাব নিজেদের সরিয়ে রেখেছিল।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার দায়িত্ব নেওয়ায় আবারও সমাধানের আশা করছেন সংগঠকরা। সেই কারণেই তারা এবার ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নির্বাচন সংক্রান্ত অভিযোগ তুলে ধরতে যাচ্ছেন। অভিযোগপত্রে তামিম ইকবালসহ বেশ কয়েকজন সংগঠকের স্বাক্ষর রয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। তিনি বলেন, সব সংগঠক একসঙ্গে ক্রীড়া পরিষদে যাচ্ছেন এবং যে অভিযোগ দেওয়া হবে, তাতে সবার স্বাক্ষর থাকবে।

ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট