
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গত কয়েকদিন ধরে অসুস্থ আছেন। সাবেক এই ক্রীড়ামন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
মির্জা আব্বাসের সুস্থতা কামনায় আজ বুধবার (১৮ মার্চ) মোহামেডান স্পোর্টিং লিমিটেড ক্লাব প্রাঙ্গণে দোয়া মাহফিল হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন তামিম। সেখানে মির্জা আব্বাসকে নিয়ে স্মৃতিচারণ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
তামিম বলেন, ‘উনার (মির্জা আব্বাস) সঙ্গে আমার খুব বেশি দেখা হয়নি। তিনি আমার বিয়েতে একবার এসেছিলেন। তিনি মোহামেডানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গেও জড়িত ছিলেন, ক্রীড়ামন্ত্রী ছিলেন। এখন তিনি অসুস্থ। তার সুস্থতার জন্য মোহামেডান ক্লাব একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা গুরুত্বপূর্ণ।’
আমরা যারা ক্রীড়ার সাথে জড়িত আছি, সবাই চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। যেটা লোকমান ভাই বলল যে উনার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। উনি এবং উনার পরিবারের প্রতি আমাদের সবার দোয়া রইল।’
গত ১২ মার্চ রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৬/বিটি






















