
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি। গেল বছর বিসিবির নির্বাচনে অনিয়ম এবং ক্ষমতার অপপ্রয়োগের প্রমাণ পেয়েছে এনএসসি। যে কারণে বোর্ড ভেঙে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিসিবির কার্যনির্বাহী পরিষদ ভেঙে নতুন করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছেন ক্রীড়া পরিষদ। যার নেতৃত্বে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
নতুন এই গঠনের প্রথম দিন সভায় বসতে যাচ্ছেন তামিমরা। আজ সন্ধ্যায়ই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সভাটি শুরু হওয়ার কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে অ্যাডহক কমিটির একটি সূত্র।
আজকের প্রথম সভায় কমিটির সদস্যের দায়িত্ব ভাগাভাগি হতে পারে। এই সভাতেই নির্ধারিত হতে পারে কে কোন বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন। বিসিবির নির্বাচন সংশ্লিষ্ট সংবিধান সংস্কার করে আগামী ৩ সপ্তাহের মধ্যে অ্যাডহক কমিটিকে নতুন নির্বাচন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনেকদিন ধরেই প্রশ্নবিদ্ধ ছিল বিসিবি নির্বাচন। নতুন সরকার আসার পর এ নিয়ে আরও বেশি আলোচনা তৈরি হয়। সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বেশ কয়েকবার জানান বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর রিপোর্টে নির্বাচন নিয়ে অনিয়ম ও ক্ষমতার অপপ্রয়োগ প্রমানিত হওয়ায় এই বোর্ডের কার্যক্রম ভেঙে দিয়েছে ক্রীড়া পরিষদ।
১১ সদস্যের এডহক কমিটিতে রয়েছেন যারা—
সভাপতি- তামিম ইকবাল।
সদস্য- মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন রাশনা ইমাম, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।
ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৬/বিটি





















