Connect with us
ক্রিকেট

পরবর্তী বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তামিমের

Tamim and others
নির্বাচন করবেন তামিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তনের পর নতুন করে নির্বাচন নিয়ে কথা বললেন তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে এবং ইচ্ছা থাকলে তিনি নিজেও এতে অংশ নিতে পারেন।

জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর ১১ সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে আছেন তামিম ইকবাল। এর আগে আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠে।

নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন তামিম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে এবং সবাইকে এতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।



নিজে নির্বাচনে অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, এটি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। তার ইচ্ছা থাকতে পারে, অন্য সদস্যদেরও থাকতে পারে, আবার কেউ অংশ না-ও নিতে পারেন। তবে তিনি চান, সবাই যেন অংশ নেওয়ার সুযোগ পান।

তিনি আরও বলেন, বোর্ডের নির্বাচন সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক যারা যোগ্য, তারা সবাই যেন অংশ নিতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চায় বর্তমান কমিটি।

এই কমিটির মূল কাজ আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। দেশের ক্রীড়া আইনে এই কমিটির সদস্যদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

নতুন এই উদ্যোগের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই লক্ষ্য বলে জানিয়েছেন তামিম ইকবাল।

এর আগে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এলো।
একই সঙ্গে তিন মাসের জন্য নতুন একটি ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। দেশের ক্রিকেটে দীর্ঘদিন খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের হাতে এখন বোর্ড পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট