বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে ৩–১ গোলে হেরে বিদায় নিয়েছে সুইজারল্যান্ড। তবে ম্যাচ শেষ হওয়ার পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রেফারির কয়েকটি সিদ্ধান্ত। দলের কোচ মুরাত ইয়াকিনের পর এবার ক্ষোভ প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। তাঁর দাবি, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে বেশির ভাগ সিদ্ধান্তই গেছে আর্জেন্টিনার পক্ষে।
ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। কিন্তু ৭২ মিনিটে ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইসরা। এরপর নির্ধারিত সময়ে সমতা ধরে রাখলেও অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে ৩–১ ব্যবধানে হেরে যায় তারা।
ম্যাচ শেষে আকাঞ্জি বলেন, ‘এই মুহূর্তটা আমাদের জন্য খুব কঠিন। তারপরও দলের সবাইকে নিয়ে আমি গর্বিত। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা দারুণ খেলেছি। খোলা খেলায় তারা খুব বেশি সুযোগই তৈরি করতে পারেনি।’
রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘ম্যাচের শুরুতে কর্নার থেকে গোল খেয়েছি, সেটি আমাদের ভুল। কিন্তু যখন রেফারির সিদ্ধান্তও আপনার বিপক্ষে যেতে থাকে, তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। ছোট ছোট প্রায় সব সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গেছে। আর্জেন্টিনা একটি ফাউলেও শাস্তি পায়নি। আমি সাধারণত রেফারিদের নিয়ে কথা বলি না, কিন্তু আজকের মতো ম্যাচ আগে দেখিনি।’
লাল কার্ড পাওয়া ব্রিল এমবোলোর পাশেও দাঁড়িয়েছেন আকাঞ্জি। তাঁর মতে, ‘ব্রিল আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা সবাই তাঁর পাশে আছি। আমরা দল হিসেবেই খেলি এবং একসঙ্গেই এগিয়ে যেতে চাই।’
সুইস এই ডিফেন্ডার আরও বলেন, এই হার মেনে নিতে কিছুটা সময় লাগবে। তবে বিশ্বকাপে দল যে লড়াই করেছে, তা নিয়ে তারা গর্বিত। অন্যদিকে এই জয় দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৬/টিএ



