অল্প বয়সেই নিজের ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ক্রিকেট বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের বৈভব সূর্যবংশী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য সমাপ্ত আসরে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে সকলের মন জয় করেছেন এই বিষ্ময়বালক। মাত্র ১৫ বছর বয়সেই জায়গা করে নিয়েছেন ভারতের জাতীয় দলে।
ভারতের আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ এবং এশিয়ান কাপ সামনে রেখে আজ শনিবার (৬ জুন) দল ঘোষণা করেছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে জায়গা করে নিয়েছেন সূর্যবংশী। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন এই বিধ্বংসী ওপেনার।
গত দুই বছর ধরেই ভারতের বয়সভিত্তিক দলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান তিনি। যুবদলের হয়ে দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি এশিয়ার টুর্নামেন্ট থেকে শুরু করে যুব বিশ্বকাপেও নজরকাড়া পারফরম্যান্স করেন এই তরুণ তুর্কী।
গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক ঘটে সূর্যবংশীর। অভিষেক আসরেই দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান বনে যান এই তরুণ। আর এবারের আইপিএলে সবাইকে ছাপিয়ে গেছেন তিনি। ১৬ ইনিংসে ৪৮.৫০ গড় ও ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছেন তিনি। যেখানে একটি ও পাঁচটি ফিফটির মার ছিল। পাঁচ ফিফটির মধ্যে তিনটিতেই নব্বইয়ের ঘরে আউট হয়েছেন তিনি। সবমিলিয়ে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন ১৫ বছর বয়সী এই বিষ্ময়বালক।
তবে ভারতীয় দল ঘোষণার সবচেয়ে বড় চমক নেতৃত্বে পরিবর্তন। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারিয়েছেন সবশেষ বিশ্বকাপ জেতানো সূর্যকুমার যাদব। নেতৃত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়েছেন এই তারকা। তার জায়গায় ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছে শ্রেয়াস আইয়ার।
আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর ১, ৪, ৭, ৯ ও ১১ জুন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি দল : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, ইশান কিষাণ, শিভম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব।
এশিয়ান কাপের দল : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, যশপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিশান, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণুই।
ক্রিফোস্পোর্টস/৬জুন২৬/বিটি



