
সরকারি সিদ্ধান্তে আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচটি খেলবে না পাকিস্তান। পাকিস্তানের অধিনায়ক বিষয়টি বোর্ডের হাতে ছেড়ে দিলেও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত আছে ভারত দল।নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে প্রস্তুত তারা, ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে শ্রীলঙ্কা যাওয়ার টিকিটও। আইসিসির সূচি মেনে খেলতে অসুবিধা নেই ভারতের।
আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপে অধিনায়কদের নিয়ে করা অনুষ্ঠানে ভারতের অধিনায়ক বলেন, ‘আমরা খেলতে না বলিনি। ওরা না বলেছে। আইসিসি সূচি দিয়েছে। আমাদের কলম্বোর ফ্লাইট বুক করা আছে, আমরা যাচ্ছি। বাকিটা পরে দেখব।’
পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ক্রিকেটের জন্য ভালো কি না এমন প্রশ্নের জবাবে সূর্যকুমার জানালেন এটি তাঁর নিয়ন্ত্রণের বাইরে, ‘তাদের সিদ্ধান্ত আমার নিয়ন্ত্রণে নেই। আমাদের ১৫ তারিখ খেলা হবে বলে জানানো হয়েছে। আমরা এশিয়া কাপের সময় তিনবার নিরপেক্ষ ভেন্যুতে তাদের সঙ্গে খেলেছি। যদি কলম্বোতে সুযোগ আসে, আমরা আবার খেলব।’
এর আগে, পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছিলেন, ‘ভারতের সঙ্গে খেলা আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি সরকারের সিদ্ধান্ত, আমরা তা সম্মান করি। যা কিছু তারা বলবে, আমরা তা করব।’
গ্রুপপর্বে ভারতের বিপক্ষে না খেললেও নকআউট পর্বে আবার মুখোমুখি হতে পারে দুদল। সেক্ষেত্রে নিজেদের পরিকল্পনা নিয়ে আগা বলেন, ‘যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।’
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৬/এআই



























