প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। স্পেন-উরুগুয়ের মতো শক্তিশালী দলের গ্রুপ থেকে রানার্সআপ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই ড্র করেছে তারা। এবার শেষ ৩২ এ তাদের সামনে প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গত বিশ্বকাপটা যেখানে শেষ করেছিল, ঠিক সেখান থেকেই এবারের বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে তারা। এখন পর্যন্ত বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি আলবিসেলেস্তেদের। এবার শেষ ৩২ এ কেপ ভার্দেকে মোকাবিলা করবে লাতিনের পরাশক্তিরা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইউরোপিয়ান পরাশক্তি স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল কেপ ভার্দে। পরের ম্যাচে লাতিনের অন্যতম পরাশক্তি উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে। অন্যদিকে আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে। পরের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ এবং শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় মেসিরা।
কাগজে-কলমে আর্জেন্টিনার সঙ্গে কোনো তুলনাই নেই কেপ ভার্দের। কাগজে-কলমে আলবিসেলেস্তেরা স্পষ্টতই ফেবারিট। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানও অনেক বড়। র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা আছে এক নম্বরে, অন্যদিকে কেপ ভার্দের অবস্থান ৬৭তম স্থানে। যা থেকে দুই দলের পার্থক্য সহজেই স্পষ্ট হয়।
তবে ফুটবলে অনেক কিছুই সম্ভব। ইতোমধ্যেই এই আসরে বেশকিছু অঘটন ঘটেছে। তাছাড়া কেপ ভার্দেই স্পেনের সঙ্গে ড্র করে অঘটনের জন্ম দিয়েছিল। তাই আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে না দলটি। তাদের বিপক্ষেও জয়ের জন্যই খেলতে নামবে আফ্রিকার এই দেশটি।
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার। এই ম্যাচে স্বাভাবিকভাবে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে সুপার কম্পিউটার। ম্যাচের আগে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে তারা। যাতে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ, বিপরীতে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬.৮ শতাংশ। আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১২.৩ শতাংশ।
আর নির্ধারিত ৯০ মিনিটে যদি ফলাফল না আসলে অতিরিক্ত সময় ও টাইব্রেকারেও আর্জেন্টিনার জয়ের সম্ভাবনাই বেশি। অতিরিক্ত সময় ও টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৯.৪ শতাংশ, বিপরীতে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ১০.৬ শতাংশ।
বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে আজ শনিবার (৪ জুলাই) ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৬/বিটি



