Connect with us
ক্রিকেট

এবার সংসদ অধিবেশনে বিসিবিকে নিয়ে কথা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

State Minister for Sports speaks about BCB in Parliament session.
জাতীয় সংসদের অধিবেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি- সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে অনেকদিন ধরেই কথা বলে আসছেন সাবেক ফুটবলার এবং বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার সংসদ অধিবেশনেও বিসিবিকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক।

আজ রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে বর্তমান ক্রিকেট বোর্ড নিয়ে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিসিবিকে নিয়ে আমিনুলের ভাবনা জানতে চান বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। এ সময় তিনি জানান, বিসিবির একটি পক্ষকে সহযোগিতা করতে গিয়ে বিগত সময়ে ভোটের অধিকার হরণ করা হয়েছে। যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন যুব ও প্রতিমন্ত্রী।

আমিনুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তাঁরা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণ করতে একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে এ ধরনের অপকর্ম করেছেন। দায়িত্ব নেওয়ার পরে এই বোর্ডের যাঁরা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন, সেই সকল কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশা আল্লাহ।’



দুদকের সাহায্য নিয়ে বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত সম্পদের হিসাব জাতির সামনে উপস্থাপন করতে চান আমিনুল। তিনি আরও বলেন, ‘আমাদের সবশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমাদের যে দুদকের মহাপরিচালক রয়েছেন, তাঁর কাছে আহ্বান করব এই বিষয়ে কোনো তদন্ত বা কিছু থাকলে যেন আমাদের জানান এবং সেগুলো যেন জাতির সামনে উপস্থাপন করা হয়।’

গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠন করে বিএনপি। তবে আমিনুল ঢাকা-১৬ আসন থেকে নির্বাচনে জয়লাভ করতে পারেননি। পরবর্তীতে তাকে টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট