Connect with us
ক্রিকেট

খেলোয়াড়দের স্বার্থে ক্লাবকে রাজনীতিমুক্ত রাখার বার্তা ক্রীড়া প্রতিমন্ত্রীর

Sports State minister
ক্লাব ক্রিকেটারদের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়া অঙ্গনকে রাজনীতির প্রভাব থেকে দূরে রাখার কথা আবারও স্পষ্টভাবে বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রাজধানীর ধানমন্ডিতে আবাহনী লিমিটেড ক্লাব পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ক্লাবগুলো স্বাধীনভাবে চলতে পারলে তবেই খেলোয়াড়দের ভবিষ্যৎ নিরাপদ থাকবে।

পরিদর্শনের সময় ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্লাবটিতে তৈরি হওয়া অচলাবস্থা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, অতীতের সমস্যায় না থেকে সামনে এগিয়ে যাওয়ার দিকেই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে।

আবাহনী ও মোহামেডানকে দেশের ফুটবলের গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই দুই ক্লাবসহ দেশের সব ক্লাবকে রাজনীতির বাইরে রাখতে হবে। ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব যেন ক্লাবের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।



খেলোয়াড়দের বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ক্লাব ভালোভাবে চললে খেলোয়াড়রাও ভালো থাকবে। ক্লাবের সমস্যা হলে তার সরাসরি প্রভাব পড়ে খেলোয়াড়দের ওপর, তাই ক্লাবকে শক্তিশালী রাখা জরুরি।

তৃণমূল পর্যায়ের খেলাধুলা এগিয়ে নিতে নতুন উদ্যোগের কথাও জানান তিনি। আগামী ২ মে থেকে দেশের ৬৪ জেলায় কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু হবে। পাশাপাশি ক্লাবগুলোর আর্থিক সমস্যার সমাধানে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া এবং ক্লাবের নিজস্ব সম্পদ ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

পরিদর্শনের সময় আবাহনী ও মোহামেডান ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালও উপস্থিত ছিলেন। এ সময় ক্লাবের খেলোয়াড়রা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান এবং সম্মানসূচক জার্সি উপহার দেন।

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট