Connect with us
ফুটবল

চীনকে বাংলাদেশের সাথে খেলার আমন্ত্রণ জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Bd vs china
চীনকে খেলার আমন্ত্রণ ক্রীড়া প্রতিমন্ত্রীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়া খাতকে আধুনিক ও শক্তিশালী করতে চীনের বিনিয়োগ ও কারিগরি সহায়তা চেয়েছে সরকার। এ লক্ষ্যে আজ মঙ্গলবার সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠকে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার শুধু ক্রিকেট বা ফুটবল নয়, সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করছে। খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি তাদের সুবিধা বাড়াতে ডিজিটাল ক্রীড়া কার্ড কর্মসূচিও শুরু হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে এসে একটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানান। একই সঙ্গে দেশের বাড়তে থাকা ক্রীড়া খাতে চীনের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।



জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের এসব উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে খেলোয়াড়দের মাসিক ভাতা ও নতুন ক্রীড়া ব্যবস্থাপনা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের বিষয়ে চীন আগ্রহী।

এ ছাড়া চীনের জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি। দুই দেশের মধ্যে ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই খাত আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

বৈঠকে প্রতিমন্ত্রী নতুন ক্রীড়া ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন। সেখানে চীনের বিনিয়োগ চান তিনি। পাশাপাশি ভলিবল, তীরন্দাজি ও শুটিংয়ে দক্ষ চীনা কোচ এনে খেলোয়াড়দের প্রশিক্ষণ উন্নত করার ওপর জোর দেন।

ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল