
আইরিশদের হারিয়ে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বিশ্বকাপের এবারের আসরের সহ-আয়োজক শ্রীলঙ্কা। তবে ম্যাচ জয়ের পর বিষ্ফোরক মন্তব্যে আলোচনায় লঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকসে।
রাজাপাকসের দাবি, ভারতীয় ব্যাটাররা খেলায় বিশেষ ধরনের ব্যাট ব্যবহার করে, যেগুলো আর কোথাও পাওয়া যায় না। তার মতে এমন বিশেষ ব্যাটই ভারতীয়দের বড় ইনিংস আর বড় ছক্কার মূল কারণ। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদসংস্থা নিউজওয়্যারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজাপাকসে আরও বলেন, এই ব্যাটগুলো অন্য কোনো দেশের ক্রিকেটার কিনতেও পারেন না।
সাক্ষাৎকারে ভানুকা রাজাপাকসে বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের ব্যাট আমাদের পাওয়া সেরা ব্যাটগুলোর চেয়েও অনেক বেশি উন্নত। মনে হয় যেন ব্যাটে রাবারের একটি স্তর লাগানো আছে। এটা কীভাবে সম্ভব, আমি কল্পনাও করতে পারি না। এসব ব্যাট অন্য কেউ কিনতেও পারে না, সব খেলোয়াড়ই এটা জানে।”
রাজাপাকসেই প্রথম নয়, তার আগে একই দাবী করেছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার হাসান রাজা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে হাসান রাজা অভিযোগ করেছিলেন, আইসিসি বা বিসিসিআই ভারতের জন্য বিশেষ বল সরবরাহ করছে। তার দাবি ছিল, ব্যাটিং সহায়ক উইকেটে ভারতের বোলাররা ওই বিশেষ বলের কারণে অতিরিক্ত সুইং পাচ্ছেন।
ভারতের অনেক ব্যাটারই ব্যাটের নিচের অংশে সামান্য বাঁকানো (কার্ভড) ব্যাট ব্যবহার করেন, যা শট খেলতে বাড়তি শক্তি যোগায়। তবে বিশেষজ্ঞদের মতে, এসব ব্যাট খেলোয়াড়দের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড করা যায় এবং বিশ্বের যে কোনো দেশের ক্রিকেটারই তা করতে পারেন। ফলে ভারতীয় দল বিশেষ কোনো ব্যাট ব্যবহার করছে, ভানুকা রাজাপাকসের এমন অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেই মনে করা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৬/এআই


























