Connect with us
ক্রিকেট

স্থগিত হলো শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ

Sri Lanka-Afghanistan series postponed
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা। ছবি- এপি

চলতি মাসেই মাঠে গড়ানোর কথা ছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। তবে সপ্তাহখানেক আগে সিরিজটি স্থগিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বোর্ডের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আদা দেরানা।

মূলত আফগানিস্তানের হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সিরিজটি স্থগিত হয়েছে। মধ্যপ্রাচ্যে ভ্রমণ ঝুঁকি এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান বোর্ড।

দুই বোর্ডের সমঝোতার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ হবে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই দুই বোর্ড আলোচনা করেই সিরিজটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।



পূর্বের সূচি অনুযায়ী, আগামী ১৩ থেকে ২৫ মার্চ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ১৩, ১৫ ও ১৭ মার্চ শারজায় সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর দুবাইয়ে পাড়ি জমাতো দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০, ২২ ও ২৫ মার্চ যথাক্রমে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হতো।

এর আগে কখনও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরজ খেলা হয়নি আফগানিস্তানের। এটাই ছিল লঙ্কানদের বিপক্ষে তাদের প্রথম হোম সিরিজ। তবে আপাতত সিরিজটি স্থগিত হলেও পরে পুনরায় মাঠে গড়াতে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সিরিজের নতুন সূচি ঘোষণা করা হতে পারে।

ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট