বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটিতে নিজেদের শ্রেষ্ঠত্বই দেখাল স্পেন। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রেখে পরিকল্পিত ফুটবল খেলেছে লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলেদের নিয়ে গড়া ফ্রান্সের আক্রমণভাগ ছিল পুরো ম্যাচেই নিষ্প্রভ। ডালাসে ২–০ গোলের জয় তুলে নিয়ে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন।
ম্যাচের ২০ মিনিটে লামিনে ইয়ামালকে নিজেদের সীমানার মধ্যে ফাউল করেন লুকা দিনিয়ে। ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পরও পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকে। ২২ মিনিটে স্পট কিক থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি স্পেন। উল্টো এমবাপ্পেদের আক্রমণ বারবার থামিয়ে দেয় স্প্যানিশ রক্ষণ।
বিরতির পর সমতায় ফেরার জন্য একের পর এক খেলোয়াড় বদল করেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। কিন্তু ম্যাচের চিত্র বদলায়নি। ৫৮ মিনিটে দানি অলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বক্সে ঢুকে গোল করেন পেদ্রো পোরো। দুই গোলে পিছিয়ে পড়ার পরও ফ্রান্স তেমন কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। লামিনে ইয়ামালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও শেষ পর্যন্ত স্বস্তিতেই জয় নিশ্চিত করে স্পেন।
এই জয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। ২০১০ সালের পর আবারও শিরোপা জয়ের সুযোগ পেল তারা। একই সঙ্গে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইতালির বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছে স্প্যানিশরা। আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।
স্পেনের জয়ে আরও দুটি কীর্তি যোগ হয়েছে। ওইয়ারসাবাল এক বিশ্বকাপে পাঁচ গোল করে স্পেনের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন। আর পেদ্রো পোরো ফার্নান্দো হিয়েরোর পর স্পেনের দ্বিতীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে একাধিক গোল করার কীর্তি গড়েছেন।
ফ্রান্সের জন্য অবশ্য ম্যাচটি ছিল হতাশার। টুর্নামেন্টজুড়ে দাপট দেখানো এমবাপ্পে-দেম্বেলেরা এদিন নিজেদের স্বাভাবিক খেলাই খেলতে পারেননি। স্পেনের মাঝমাঠ ও রক্ষণ তাদের প্রায় পুরো ম্যাচেই চেপে রাখে। টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হবে দিদিয়ে দেশমের দলকে।
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৬/টিএ



