
অস্ট্রিয়ার বিপক্ষে নকআউট ম্যাচে একাদশে কিছুটা রদবদল এনেছেন মাস্টারমাইন্ড লুইস দে লা ফুয়েন্তে। আজ গুরুত্বপূর্ণ দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্পেন।
মিডফিল্ডে কৌশলগত কারণেই মিকেল মেরিনোর জায়গায় ফিরিয়ে আনা হয়েছে আক্রমণাত্মক মিডফিল্ডার দানি ওলমোকে। অন্যদিকে, ডানপ্রান্তের রক্ষণভাগ আরও নিশ্ছিদ্র করতে মার্কোস ইয়োরেন্তের বদলে লা ফুয়েন্তে ভরসা রেখেছেন পেদ্রো পোরোর ওপর।
অপর দিকে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন নিকো উইলিয়ামস। তার বদলে বাম উইংয়ের আক্রমণভাগের গুরুদায়িত্ব সামলাবেন আলেক্স বায়েনা।
তবে স্প্যানিশ শিবিরের জন্য আজকের ম্যাচটি অন্যরকম এক মাইলফলকেরও। দলের অন্যতম অভিজ্ঞ সেন্টার-ব্যাক এমেরিক লাপোর্তে আজ মাঠে নামছেন জাতীয় দলের জার্সিতে নিজের ৫০তম তথা ‘হাফ সেঞ্চুরি’র ম্যাচটি খেলতে।
স্পেনের একাদশ:
উনাই সিমোন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা এবং মিকেল ওইয়ারসাবাল।
ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৬/এনডি




















