১৬ বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন হয়েছে তারা। পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ, আক্রমণ এবং সুযোগ তৈরিতে এগিয়ে ছিল স্পেন। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতেই পারেনি।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। একের পর এক আক্রমণ করেও অবশ্য নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি তারা। কয়েকবার নিশ্চিত সুযোগ নষ্ট হয়, আবার দুটি গোল বাতিলও হয়। তবে আক্রমণের ধার কমায়নি স্পেন। অতিরিক্ত সময়েও তারা একইভাবে চাপ ধরে রাখে।
অন্যদিকে পুরো ম্যাচে নিজেদের ছায়া হয়ে ছিল আর্জেন্টিনা। মাঝমাঠে বলের দখল রাখতে পারেনি তারা। আক্রমণেও ছিল না ধার। নির্ধারিত সময়ে আর্জেন্টিনার কোনো শটই লক্ষ্যে ছিল না। লিওনেল মেসিকেও শুরু থেকেই কঠোর নজরদারিতে রেখেছিল স্পেনের রক্ষণভাগ। ফলে তিনি খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি।
প্রথমার্ধেই চোটের কারণে দুটি পরিবর্তন আনতে বাধ্য হন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পরে দ্বিতীয়ার্ধে আরও তিনজনকে নামালেও তাতে খেলার চিত্র বদলায়নি। বরং ম্যাচ যত গড়িয়েছে, স্পেনের নিয়ন্ত্রণ ততই বেড়েছে। মাঝমাঠে অধিনায়ক রদ্রির নেতৃত্বে স্পেন দারুণ ফুটবল খেলেছে। বলের দখল ধরে রেখে ধৈর্যের সঙ্গে সুযোগ তৈরি করেছে তারা।
ম্যাচে আর্জেন্টিনাকে অনেকটা ভরসা জুগিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন তিনি। তবে নির্ধারিত সময়ের শেষ দিকে এনসো ফার্নান্দেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এরপর স্পেনের চাপ আরও বেড়ে যায়।
অতিরিক্ত সময়ের শুরুতেই একবার বল জালে পাঠিয়েছিল স্পেন, কিন্তু আক্রমণের সময় ফাউলের কারণে সেই গোল বাতিল হয়। কিছুক্ষণ পর আবারও গোল করলেও এবার অফসাইডের কারণে সেটিও টেকেনি। তবু হাল ছাড়েনি স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতে ফেরান তোরেস গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
শেষ কয়েক মিনিটে আর্জেন্টিনা দুটি কর্নার পেলেও সমতায় ফেরার মতো কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন স্পেনের ফুটবলার ও কোচিং দলের সদস্যরা। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিল স্পেন। আর টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিদের।
ক্রিফোস্পোর্টস/২০জুলাই২৬/টিএ



