নকআউট পর্বেও দুর্দান্ত পার্ফমেন্স অব্যাহত রেখেছে স্পেন। একতরফা আধিপত্যের ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে লা রোজা। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে স্প্যানিশরা।
প্রথমার্ধে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় স্পেন। ৩৬তম মিনিটে মার্ক কুকুরেয়ার নিখুঁত ক্রসে হেড করে জালের দেখা পান মিকেল ওইয়ারসাবাল। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধে আরও গতিময় ফুটবল খেলতে থাকে স্প্যানিশরা। দলীয় সমন্বিত আক্রমণ থেকে পেদ্রো পোরো হেডে ব্যবধান ২-০ করেন। এরপর ম্যাচের একেবারে শেষদিকে গোলরক্ষক উনাই সিমনের কাছ থেকে শুরু হওয়া দুর্দান্ত আক্রমণ সফলভাবে শেষ করেন ওইয়ারসাবাল। ৮৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্পেনের জয় ৩-০ নিশ্চিত করেন তিনি।
পুরো ম্যাচজুড়ে বলের দখল, পাসিং ও আক্রমণভাগে স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। বিশেষ করে দ্বিতীয়ার্ধে প্রায় ৭৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে অস্ট্রিয়াকে রক্ষণ সামলাতে বাধ্য করে তারা। ডান প্রান্তে লামিনে ইয়ামাল একের পর এক আক্রমণ তৈরি করে প্রতিপক্ষের ডিফেন্সে চাপ সৃষ্টি করেন, যদিও গোল পাননি। এছাড়া আলেক্স বায়েনাও কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেন।
অন্যদিকে, রালফ রাংনিকের দল মাঝে মধ্যে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলেও মার্কো আরনাউটোভিচ ও সাশা কালাইজিচরা স্পেনের সংগঠিত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হন। পুরো ম্যাচে আত্মবিশ্বাসী ও গোছানো ডিফেন্সের কারণে টুর্নামেন্টে নিজেদের ক্লিন শিটের ধারাও ধরে রাখল স্পেন।
এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে স্পেন। আগামী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দল। দুর্দান্ত ফর্ম, শক্তিশালী আক্রমণভাগ ও দৃঢ় রক্ষণ—সব মিলিয়ে এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে স্পেন।
ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৬/এনডি



