
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণা নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তোলপাড়। এই সংবেদনশীল ইস্যুতে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই-এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বিস্ময় প্রকাশ করে সৌরভ বলেছেন, কেন খেলবে না সেটাই তো বুঝতে পারছি না! বিশ্বকাপে ওদের তো ভারতের বিরুদ্ধে কলম্বোর মাঠে খেলার কথা। তাহলে সমস্যাটা হলো কোথায়?
বিসিসিআই-এর সাবেক সভাপতি মনে করিয়ে দেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রতিটি পয়েন্টের গুরুত্ব অপরিসীম। বিশ্বকাপের মতো মঞ্চে পাকিস্তান যদি ম্যাচ না খেলে, তবে আমি সব থেকে বেশি অবাক হব। এখানে প্রতিটি পয়েন্ট সেমিফাইনালের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় দলের টপ-অর্ডারের ব্যাটিং ধস সমর্থকদের চিন্তায় ফেলেছে। এ বিষয়ে সৌরভ অবশ্য বেশ নির্ভার।
তিনি বলেন, ভারত খুবই শক্তিশালী দল। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং— সব বিভাগেই ভারসাম্য রয়েছে। বিশ্বকাপ যত গড়াবে, টিম তত ভালো খেলবে। তাই এখনই খুব বেশি চিন্তার কারণ নেই।
তিনি আরও বলেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ভারত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে পাওয়ার প্লে-তে ৪৬ রানে ৪ উইকেট হারালেও অধিনায়ক সূর্যকুমার যাদবের ৪৯ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে স্বস্তি দিয়েছে।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৬/এনজি



























