লঙ্কা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই নিজের উপস্থিতি জানান দিলেন বাংলাদেশের নুরুল হাসান সোহান। গল গ্যালান্টসের হয়ে অভিষেক ম্যাচে উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে মাত্র ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসের ওপর ভর করেই উড়ন্ত সূচনা পায় গল, শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়ে জয়ও তুলে নেয় দলটি।
ডাম্বুলার বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গল। স্যাম হার্পারের সঙ্গে উদ্বোধনী জুটিতে মাঠে নামেন সোহান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের বোলারদের চাপে রাখেন তিনি। একটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে মাত্র ১৩ বলেই ২৯ রান করেন। উদ্বোধনী জুটিতে মাত্র ২১ বলেই আসে ৪০ রান, যা দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
সোহানের দ্রুত রান তোলার সুযোগ কাজে লাগান পরের ব্যাটাররাও। প্রথম ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৭৬ রান তোলে গল, যা চলতি আসরে প্রথম ছয় ওভারে দলের সর্বোচ্চ সংগ্রহ। পরে দলের রান দুই শতাধিক ছাড়িয়ে যায় এবং শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেয় গল গ্যালান্টস।
ম্যাচ শেষে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন সোহান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো লাগছে দলের জন্য অবদান রাখতে পেরেছি এবং আমরা জিততে পেরেছি। সকালে জানতে পেরেছি আমি খেলব। এরপর কোচ ও দাসুন শানাকার সঙ্গে কথা হয়েছে। আমাদের ওপেনিংয়ে ভালো শুরু দরকার ছিল। আলহামদুলিল্লাহ, সেটা করতে পেরেছি।’
নিজের দ্রুত রান তোলার বিষয়ে সোহান বলেন, ‘দল ভালো করছে, এটাই সবচেয়ে বড় কথা। টুর্নামেন্টটা যেন ভালোভাবে শেষ করতে পারি, সেটাই চাই। আজ যে দল রেকর্ড রান করেছে, সেটা আপনাদের কাছ থেকেই জানলাম। সামনে আরও দুটি ম্যাচ আছে, আশা করি সেগুলোতেও ভালো খেলতে পারব।’
বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। সোহান বলেন, ‘বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা অন্যরকম। আমরা খারাপ খেললে আমাদেরও খারাপ লাগে, ভালো খেললে সবার আগে দেশের মানুষের কথাই মনে পড়ে। ভিন্ন পরিবেশে খেলছি, চেষ্টা করছি ভালো করার। আশা করি টুর্নামেন্টটা ভালোভাবেই শেষ করতে পারব।’
দলের পরিকল্পনা নিয়েও কথা বলেন এই ব্যাটার। তাঁর মতে, ‘আমাদের লক্ষ্য ছিল শুরুটা ভালো করা, যাতে ম্যাচের গতি আমাদের দিকে থাকে। দাসুন, নওয়াজ, করুণারত্নে সবাই ভালো ছন্দে আছে। ওপরে থেকে ভালো শুরু হলে নিচের ব্যাটারদের কাজও সহজ হয়ে যায়।’
বাংলাদেশের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এদিন গলের একাদশে সুযোগ পাননি। তবে সোহানের দারুণ শুরু এবং দলের বড় সংগ্রহ গলের জয়কে অনেকটাই সহজ করে দেয়।
ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৬/টিএ



