
বিশ্বকাপ শুরুর আগে থেকেই একের পর এক দুঃসংবাদ অজি শিবিরে। এবার বিশ্বকাপ অভিযানের শুরুতেই ধাক্কা। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি দলের অধিনায়ক মিচেল মার্শ। তার জায়গায় স্ট্যান্ডবাই হিসেবে দলে ডাকা হয়েছে বিগ ব্যাশে আলো ছড়ানো সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথকে।
গতকাল (মঙ্গলবার) অনুশীলনের সময় কুঁচকিতে আঘাত পান মার্শ। পরীক্ষায় ধরা পড়ে টেস্টিকুলারে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। গতকালের নির্ধারিত প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনও করেছিলেন মার্শ। কিন্তু কলম্বোয় টসের মাত্র ১৫ মিনিট আগে জানানো হয়, তিনি ম্যাচে থাকছেন না। মার্শের অনুপস্থতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ট্রাভিস হেড।
মার্শের পাশাপাশি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিগ ব্যাশ শেষ করতে না পারা টিম ডেভিডকে জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবারের ম্যাচের জন্য রাখা হয়েছে। শন অ্যাবট রয়েছেন সফরকারী রিজার্ভ হিসেবে। তিনি এখনও মূল স্কোয়াডের অংশ নন।
ইনজুরির ছোবলে আক্রান্ত অজিদের হয়ে আবারও বিশ্বকাপ মাতানোর সুযোগ স্টিভেন স্মিথের জন্য। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন স্মিথ। এরপর প্রায় ২ বছরে খেলা হয়নি আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে। তবে এবারের বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন স্মিথ- মাত্র ছয় ইনিংসে ২৯৯ রান, গড় ৫৯.৮০, স্ট্রাইক রেট ১৬৭.৯৭।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্শ এখনও অস্বস্তিতে ভুগছেন, যা স্বাভাবিক চলাফেরায় বাধা দিচ্ছে। স্ক্যানে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েছে। তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। চিকিৎসকদের পরামর্শ এবং উপসর্গ কমার ওপর নির্ভর করবে তার মাঠে ফেরার সময়।’
বিবৃতিতে আরও জানানো হয়, ‘স্ট্যান্ডবাই খেলোয়াড় স্টিভেন স্মিথ শ্রীলঙ্কায় যাচ্ছেন। প্রয়োজন হলে যেন দ্রুত মানিয়ে নিতে পারেন এবং প্রস্তুত থাকতে পারেন, সে জন্যই এই সিদ্ধান্ত।’
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৬/এআই



























