
সাদা বলের সিরিজ খেলতে গত ১৩ এপ্রিল বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী শুক্রবার (১৭ এপ্রিল) শুরু হবে এই সিরিজ। প্রথম মাঠে গড়াবে তিনটি ওয়ানডে এবং পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দলের বেশিরভাগ তারকা ক্রিকেটারদের ছাড়াই এই সফরে এসেছে কিউইরা। যার ফলে সফরকারীদের অনেকে ‘দ্বিতীয় সারির’ দল হিসেবে অ্যাখ্যা দিয়েছে। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক টম লামাথের নেতৃত্বাধীন এই দলটিকে দ্বিতীয় সারির মানতে নারাজ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। এই দলটিকে অভিজ্ঞ ও পরিনত হিসেবেই দেখছেন এই ক্যারিবিয়ান।
ওয়ানডে সিরিজের আগে আজ (বুধবার) মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন সিমন্স। এ সময় নিউজিল্যান্ড দল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাদেরকে দ্বিতীয় সারির দল বলব না। আমার মনে হয় যেকোনো দেশ যখন দল পাঠায়, তারা তাদের সেরা দলটাই পাঠায়। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশের ক্ষেত্রে, সেখানে সবসময় নতুন খেলোয়াড় উঠে আসে।’
নিউজিল্যান্ড দলে থাকা কোনো কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক অভিজ্ঞতা কম বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা না হলেও তারা ঘরোয়া ক্রিকেটে অনেক অভিজ্ঞ। তাই তাদেরকে পরিনত ক্রিকেটার হিসেবেই দেখছেন সিমন্স।
বাংলাদেশ কোচ আরও বলেন, ‘এই খেলোয়াড়রা সবাই ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই অনেক ম্যাচ খেলেছে। তাই তারা বেশ অভিজ্ঞ এবং পরিণত ক্রিকেটার। কেউ কেউ হয়তো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, তবে তারা অনেক ক্রিকেট খেলেছে। তাই তাদেরকে ‘দ্বিতীয় দল’ বলার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে এসব বিষয় কাজ করে না।’
আগামী শুক্রবার (১৭ এপ্রিল) মাঠে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে এবং ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৬/বিটি




















