
জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখলেন সিকান্দার রাজা। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ব্যাট ও বল হাতে এক বিরল ‘ডাবল’ অর্জন করেছেন এই অলরাউন্ডার। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচে তিনি বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন।
চেন্নাইয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপের সুপার এইট ম্যাচে জয়ের জন্য জিম্বাবুয়ের লক্ষ্য ছিল ২৫৭ রান। ইনিংসের ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের চতুর্থ বলে চার মেরে রাজা পৌঁছে যান ৩ হাজার রানের ক্লাবে। এর আগেই ১০০ উইকেটের মালিক ছিলেন তিনি, ফলে এবার পূর্ণ হলো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার বিরল এই ডাবল।
আউট হওয়ার আগে জিম্বাবুয়ে অধিনায়ক ২১ বলে ৩১ রানের এক লড়াকু ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল দুটি দৃষ্টিনন্দন চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে সাজঘরে ফেরেন তিনি।
পরিসংখ্যানের পাতায় রাজা
এখন পর্যন্ত ১৩২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে রাজার ঝুলিতে আছে ৩০১৬ রান এবং ১০৪টি উইকেট। বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে তিনি ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেও, রান ও উইকেটের এই বিশেষ কম্বিনেশনে তিনি কেবল দ্বিতীয়।
রাজার আগে এই রেকর্ডটি ছিল কেবল মালয়েশিয়ার বীরান্দীপ সিংয়ের দখলে। ১১১ ম্যাচে ৩১৮০ রান ও ১০৯ উইকেট নিয়ে বীরান্দীপ এখনও তালিকার শীর্ষে থাকলেও, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে রাজাই প্রথম এই কীর্তি গড়লেন।
ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৬/এসএ






















