
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি জিততে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে সফরকারীদের কাছে ৬ উইকেটে হেরে সিরিন ১-১ সমতায় শেষ করেছে টাইগাররা। তবে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। আর সেই সুবাইদেই এবার আইসিসি থেকে সুখবর পেলেন এই পেসার।
আজ বুধবার (৬ মে) সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে বড় উন্নতির মুখ দেখেছেন শরিফুল। এছাড়া শেখ মেহেদিও এগিয়েছেন।
নতুন এই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়েছেন শরিফুল। ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে ৫৪ নম্বরে অবস্থান করছেন এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন শরিফুল। তার তিনটি উইকেটই ছিল টপ অর্ডারের তিন ব্যাটারের।
শেষ টি-টোয়েন্টিতে বাকি একটি উইকেট এসেছিল শেখ মেহেদির ঝুলিতে। ৩ ওভারে ২০ রান দিয়ে এক উইকেট শিকার করেন তিনি। তাতে র্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছেন এই স্পিনার। একধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে এটি দ্বিতীয় সেরা অবস্থান।
বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে থাকা মুস্তাফিজুর রহমান একধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন। অবশ্য টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না এই পেসার। রিশাদ ও নাসুমের স্থান অপরিবর্তিত। যথাক্রমে ২৩ ও ৩৬ নম্বরে আছেন তারা। ২ ধাপ পিছিয়ে ৫৩ নম্বরে নেমে গেছেন তানজিম হাসান সাকিব। একধাপ পিছিয়ে ৭০ নম্বরে তাসকিন আহমেদ।
এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাওহীদ হৃদয়। ২ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন এই তারকা। লিটন দাস একধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠে এসেছেন। তবে পিছিয়েছেন তানজিদ তামিম। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে থাকা এই ওপেনার দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন। পারভেজ হোসেন ইমন ৫ ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে অবস্থান করছেন। সাইফ হাসানের অবস্থান অপরিবর্তিত। ৪৭ নম্বরেই আছেন তিনি। এছাড়া জাকের আলী ৬ ধাপ পিছিয়ে ৮৪ নম্বরে নেমে গেছেন।
ক্রিফোস্পোর্টস/৬মে২৬/বিটি



















