
দীর্ঘদিন পর আবারও তিন অঙ্ক ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামে তিনি তুলে নেন নিজের সেঞ্চুরি। ৭৭১ দিনের অপেক্ষার পর এই মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের এই ব্যাটার।
সেঞ্চুরি পূর্ণ করার মুহূর্তটিও ছিল আবেগঘন। লং অনে বল ঠেলে এক রান নেওয়ার পর ডাগআউট থেকে করতালি দেন সতীর্থরা। শান্ত হেলমেট খুলে আকাশের দিকে তাকান, এরপর সিজদা দেন মাঠেই। পাশে থাকা তাওহীদ হৃদয়ও তাকে অভিনন্দন জানান।
সাম্প্রতিক সময়ে শান্ত নিয়মিত রান করলেও বড় ইনিংস খেলতে পারছিলেন না। বেশ কয়েকবার ভালো শুরু করেও থেমে যেতে হয়েছে তাকে। অবশেষে এই ম্যাচে সেই অপেক্ষার অবসান হলো।
এর আগে ওয়ানডেতে তার সর্বশেষ সেঞ্চুরিও ছিল চট্টগ্রামেই। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ রান করেছিলেন তিনি। দীর্ঘ সময় পর আবার একই ভেন্যুতে পেলেন শতরান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
আজকের ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুত দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম আউট হয়ে গেলে চাপে পড়ে দল। পরে সৌম্য সরকারও ১৮ রান করে ফিরে গেলে ৩২ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।
সেই কঠিন সময়েই ইনিংস সামলানোর দায়িত্ব নেন শান্ত। লিটন দাসকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে রান তুলতে থাকেন তিনি। শুরুতে সময় নিয়ে খেললেও পরে নিজের মতো করে শট খেলতে শুরু করেন। খারাপ বল পেলেই বাউন্ডারি আদায় করেছেন, পাশাপাশি এক-দুই রান নিয়ে এগিয়েছেন ধৈর্যের সঙ্গে। লিটন কুমার দাস ৯১ বলে ৭৬ রান করে ফিরে গেলেও অন্য প্রান্ত আগলে রাখেন শান্ত। ১১৪ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকান এই বাঁহাতি ব্যাটার।
তার এই ইনিংসে ভর করেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শান্তর ব্যাট থেকে আসা এই সেঞ্চুরি শুধু ব্যক্তিগত অর্জন নয়, দলের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত ১১৯ বলে ১০৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৬/টিএ




















