
আগামী মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। আসন্ন এই সিরিজ দিয়ে সাকিব আল হাসানের জাতীয় দলের ফেরার বিষয়ে জোরালো গুঞ্জন উঠেছে। এবার সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে মুখ খুলেছেন নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বাশারের মতে, সাকিবের এখনও ২ বছর খেলার বাকি। তিনি আসলে দল উপকৃত হবে এবং তাকে লম্বা সময়ের জন্য দলে চান বাশার।
আজ মঙ্গলবার (মার্চ) বাশার গণমাধ্যমকে বলেন,‘আমার মনে হয় সাকিবের এখনও ২ বছর খেলার বাকি। সাকিব যদি দলে আসে প্রস্তুত হয়েই আসবে। সাকিবের সার্ভিস পেলে দলও অনেক উপকৃত হবে। সাকিব কাল এসে পরশু তো খেলতে পারবে না। এখানে আবেগের কোনো জায়গা নেই। সাকিব যদি আসে তার সার্ভিস লম্বা সময়ের জন্যই চাইবো।’
সম্প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক মন্তব্য করেন। সাকিব দেশের মাটিতে আইনি লড়াই চালিয়ে নির্দোষ প্রমাণিত হলে খেলতে কোনো বাধা নেই বলে জানান তিনি। তাছাড়া বিসিবির পক্ষ থেকেও আসে ইতিবাচক বার্তা। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই সাকিবকে ফেরানোর আশাবাদ ব্যক্ত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাহিম বলেন, ‘সাকিবকে নিয়ে যেসব আইনগত বিষয় রয়েছে, সেই কাজগুলো বেশ দ্রুততার সঙ্গে পরিচালিত হচ্ছে। আমি যতটুকু দেখছি বা জানি, সেই প্রেক্ষিতে আমার মনে হয় সামনে কিছুদিনের মধ্যেই সাকিব দেশে ফিরতে পারবে।’
সবশেষ পাকিস্তান সিরিজ দিয়ে শেষ হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের। এবার নতুন করে নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে লিপুর স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই শুরু হবে তাদের কার্যক্রম। সেক্ষেত্রে সাকিব জাতীয় দলের হয়ে খেলার জন্য সবুজ সংকেত পেলেই নতুন নির্বাচক প্যানেলের অধীনে ফিরতে পারবেন এই সিরিজে।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৬/বিটি



















