Connect with us
ক্রিকেট

পল্লবীর ঘটনায় এবার বিচার চাইলেন সাকিব

Shakib now seeks justice over the Pallabi incident.
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ঘটে গেছে এক নৃশংস ঘটনা। সাতে বছরের এর শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুরো দেশে বইছে শোকের হাওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দ্রুত বিচারের দাবিও জানিয়েছেন অনেকে। 

এই ঘটনায় দুঃখ পেয়েছেন দেশের ক্রিকেটেররাও। দোষীদের দ্রুততম বিচার ও শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস থেকে শুরু করে অনেকেই। এবার শিশুধর্ষণ ও হত্যাকাণ্ডের এই ঘটনায় বিচার চাইলেন সাকিব আল হাসানও।

আজ (বৃহস্পতিবার) বিকেলে এক ফেসবুক পোস্টে সাকিব লিখেন, ‘একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু। ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’



এর আগে এই ঘটনায় মুশফিক এক সেফবুক পোস্টে লেখেন, ‘ছোট্ট রামিসার প্রাপ্য ছিল নিরাপত্তা, ভালোবাসা ও সুরক্ষা, কিন্তু সে ভয়াবহ নিষ্ঠুরতার শিকার হয়েছে। এ ঘটনার দ্রুত ও সঠিক বিচার হওয়া প্রয়োজন এবং কোনো পরিবার যেন এমন কষ্টের মুখোমুখি না হয়। শিশু নির্যাতনের বিরুদ্ধে সবচেয়ে কঠিন শাস্তি হওয়া উচিৎ।’

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে, ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রামিসার জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।’

সাকিব-মুশফিক-শান্তদের পাশাপাশি দেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান (বিসিবি) তামিম ইকবালও এই শিশুর জন্য ন্যায়বিচার চেয়েছেন। এছাড়া দেশের ক্রিকেটের সঙ্গে জড়িত অনেকেই এ ঘটনায় বিচার চেয়ে সোচ্চার হয়েছেন।

উল্লেখ্য, পল্লবীর এই ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্ত সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ জানায়, সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/২১মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট