দেশের ক্রিকেট থেকে দূরে থাকলেও বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর ঠিকই রাখেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতায় খেলছেন। এরপর নেপালের ঘরোয়া প্রতিযোগিতাতেও খেলবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল। নতুন দায়িত্বে তামিমকে নিয়ে আশাবাদী সাকিব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, এখনই তার কাজের মূল্যায়ন করা ঠিক হবে না। কিছু সময় গেলে বোঝা যাবে তিনি কতটা সফল হয়েছেন। তবে তার বিশ্বাস, বোর্ডের সভাপতি হিসেবেও তামিম ভালো করবেন এবং দেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।
তামিম সভাপতি হওয়ার পর দুজনের মধ্যে যোগাযোগ হয়েছে কি না, এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন সাকিব। তিনি জানান, একবার কথা হয়েছে। তবে সেটি মূলত খেলোয়াড়দের পরিচয়পত্রসংক্রান্ত একটি বিষয় নিয়েই ছিল। অন্য কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে জানান তিনি।
দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। নানা জটিলতার কারণে জাতীয় দল কিংবা দেশের ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারছেন না। তামিম বোর্ডের দায়িত্ব নেওয়ার পর অনেকেই আশা করেছিলেন, সাকিবের দেশে ফেরার পথ সহজ হবে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
দেশে ফেরার সম্ভাবনা নিয়ে অবশ্য আশাবাদী সাকিব নিজেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি এবং তার পরিবার বাংলাদেশকে ভীষণভাবে মিস করেন। খুব শিগগিরই দেশে ফিরতে পারবেন বলেই তার বিশ্বাস। তবে কবে সেই সময় আসবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
দেশের জন্য দীর্ঘদিন খেলার পরও দেশে ফিরতে না পারাকে অন্যায় মনে করেন কি না, এমন প্রশ্নও করা হয়েছিল সাকিবকে। জবাবে তিনি বলেন, তিনি কী ভাবছেন সেটি গুরুত্বপূর্ণ নয়। সাধারণ মানুষ যদি মনে করেন তার সঙ্গে অন্যায় হয়েছে, তাহলে সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
বর্তমানে নিজের পুরো মনোযোগ ক্রিকেটে রাখতে চান সাকিব। একের পর এক ঘরোয়া প্রতিযোগিতায় খেলছেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো দায়িত্ব নেওয়ার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এসব নিয়ে ভাবছেন না। আপাতত তিনি শুধু ক্রিকেট খেলেই উপভোগ করতে চান।
ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৬/টিএ



