লঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ভালো একটি দিন কাটেনি সাকিব আল হাসানের। জাফনা কিংসের হয়ে মাঠে নেমে বল হাতে একটি উইকেট পেলেও ব্যাট হাতে কোনো রান করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয় তাকে। শেষ পর্যন্ত গল গ্যালান্টসের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে জাফনা।
ডাম্বুলা রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় জাফনা। শুরুতে গলের দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে কিছুটা চাপ তৈরি করলেও সেই সুযোগ ধরে রাখতে পারেনি তারা। ক্রিস লিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। মাত্র ২২ বলে ৪৬ রান করে দলকে দারুণ ভিত্তি এনে দেন তিনি। এরপর সাহান আরাচিগে দায়িত্ব নিয়ে আরও দ্রুত রান তোলেন। ৩৬ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে তিনি গলের বড় সংগ্রহ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখেন।
শেষ দিকে মোহাম্মদ নওয়াজ ১৬ বলে ২৭ এবং দাসুন শানাকা ১২ রান যোগ করেন। শানাকাকে ফিরিয়ে জাফনার হয়ে নিজের একমাত্র উইকেটটি নেন সাকিব। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৯৩ রান তোলে গল। জাফনার হয়ে দুটি করে উইকেট নেন দিলশান মাদুশাঙ্কা ও লিজাড উইলিয়ামস। সাকিব, দুনিথ ভেল্লালাগে ও মোহাম্মদ সিরাজ একটি করে উইকেট পান।
১৯৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জাফনা। ওপেনার আভিষকা ফার্নান্দো ও কামিল মিশারা দ্রুত সাজঘরে ফেরেন। তিন নম্বরে নেমে ইবরাহিম জাদরানও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর চার নম্বরে ব্যাট করতে নামেন সাকিব। কিন্তু প্রথম বলেই আউট হয়ে গোল্ডেন ডাকের শিকার হন তিনি। তার বিদায়ের পর জাফনার ম্যাচে ফেরার সম্ভাবনাও অনেকটাই শেষ হয়ে যায়।
অধিনায়ক ভানুকা রাজাপক্ষে, ডেভিড ভিসাসহ অন্য ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। একমাত্র দুনিথ ভেল্লালাগে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তিনি ৩৯ বলে ৫৬ রান করে দলকে সম্মানজনক সংগ্রহের দিকে নেওয়ার চেষ্টা করেন। তবে অন্য প্রান্ত থেকে কোনো সমর্থন না পাওয়ায় তার ইনিংসও জাফনাকে হার এড়াতে পারেনি। ১৩৩ রানেই থেমে যায় জাফনার ইনিংস।
গলের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন থারিন্ডু রত্নায়েকে ও ইশান মালিঙ্গা। দুজনই তিনটি করে উইকেট নেন। এছাড়া বিজয়কান্ত বিশ্বকান্ত, আকিফ জাভেদ ও দাসুন শানাকা একটি করে উইকেট শিকার করেন।
এদিকে, বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এদিন গলের মূল একাদশে ছিলেন না। তবে বদলি হিসেবে মাঠে নেমে ডেভিড ভিসার গুরুত্বপূর্ণ ক্যাচটি তালুবন্দি করেন তিনি। একদিকে সাকিবের ব্যাটিং ব্যর্থতা, অন্যদিকে বড় ব্যবধানে দলের হার সব মিলিয়ে জাফনার জন্য দিনটি হতাশারই ছিল।
ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৬/টিএ



