
ব্যাটে-বলে অনন্য এক জাদুকর, যিনি লাল-সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বাংলার পোটার বয় খ্যাত নবাব সাকিব আল হাসানের জন্মদিন আজ। ১৯৮৭ সালের এই দিনে মাগুরায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে সতীর্থ, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
এক ফেসবুক পোস্টে মুশফিক জানান, দেশের মানুষের মতো ভাই হিসেবে আমিও চাই খেলার ইতি দেশের মাটিতে হোক। শুভ জন্মদিন, সাকিব বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।
শেখ মাহেদী এক পোস্টে বলেন, আপনার জীবনে আল্লাহ্ এর দয়া এবং রহমত সর্বদা থাকুক। জন্মদিনের শুভেচ্ছা।
ফেসবুকে পোস্টে নাজমুল ইসলাম অপু বলেন, শুভ জন্মদিন, আমার প্রিয় বড় ভাই। আপনি আমার জীবনে শুধু একজন অভিভাবকসুলভ বড় ভাই নন, বরং একজন অসাধারণ গাইড ও অনুপ্রেরণার উৎস। আপনার নেতৃত্ব, সাহস, আর পরিশ্রম আমাকে প্রতিদিন নতুন করে স্বপ্ন দেখতে শেখায় এবং সামনে এগিয়ে যেতে শক্তি দেয়। আপনার কাছ থেকে শেখা প্রতিটি শিক্ষা আমার জীবনের জন্য অমূল্য সম্পদ। আপনি যেভাবে সবসময় পাশে থাকেন, তা সত্যিই ভরসা আর ভালোবাসায় ভরা। এই বিশেষ দিনে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, অফুরন্ত সুখ আর জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সাফল্য কামনা করছি। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুন এবং আপনার সকল স্বপ্ন পূরণ করুন। শুভ জন্মদিন, ভাইয়া! আপনি সবসময় এভাবেই আমাদের গর্ব হয়ে থাকুন।
পেসার শরিফুল ইসলাম বলেন, শুভ জন্মদিন কিংবদন্তি সাকিব আল হাসান ভাই। একটা ছোট ইচ্ছা আছে দেশের মাটিতে আপনার শেষ ম্যাচে আপনার সাথে ড্রেসিংরুম শেয়ার করার, ইনশাআল্লাহ। অনেক ভালোবাসি ভাই আপনাকে। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি।
জাতীয় দলে খেলা আরেক পেসার রুবেল হোসেন বলেন, আপনি একজন ক্রিকেটার নন, একটি যুগের নাম। শুভ জন্মদিন সাকিব আল হাসান।
এছাড়াও অনেক সতীর্থ, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নানা মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৬/টিএ



















