Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন

Bangladesh vs Newzealand
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। ছবি- এপি

চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে। আসন্ন এই সিরিজের ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় করতে সিরিজের সবগুলো ম্যাচ দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (৮ এপ্রিল) বিসিবির অ্যাডহক কমিটির সভা শেষে সময় পরিবর্তনের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির প্রধান তামিম ইকবাল।

আসন্ন এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই ছিল দিবারাত্রির। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল। তবে বিদ্যুৎ সাশ্রয় করতে ম্যাচগুলো দিনের আলোতেই শেষ করার পরিকল্পনা করেছে বিসিবি। তাই ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে।



নতুন সময় অনুযায়ী, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বেলা ১১টা অথবা সাড়ে ১১টা এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো বেলা ২টা অথবা আড়াইটায় শুরু হতে পারে। এ বিষয়ে তামিম বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো ১১টা অথবা সাড়ে ১১টা, টি-টোয়েন্টি ম্যাচগুলো বেলা ২টা অথবা আড়াইটায় শুরু হতে পারে।’

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। তারপর ১৭ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। এরপর চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামেই দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এরপর ঢাকায় পাড়ি জমাবে দুই দল। ২ মে মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট