
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দলে সবচেয়ে বড় আলোচনার বিষয় লিওনেল মেসির অংশগ্রহণ। তিনি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি পরিষ্কার করে জানিয়েছেন, তিনি চান মেসি বিশ্বকাপে খেলুক। একই সঙ্গে তিনি এটাও বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার পুরো স্বাধীনতা মেসিরই।
শুক্রবার রাতে বোকা জুনিয়র্সের মাঠ ‘লা বোমবোনেরা’-তে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কালোনি এসব কথা বলেন। বিশ্বকাপ, দলবদল ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।
মেসিকে নিয়ে প্রশ্ন উঠতেই স্কালোনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে চান মেসি দলে থাকুক। তার মতে, মেসির মতো একজন খেলোয়াড় মাঠে থাকলে সেটা শুধু আর্জেন্টিনার জন্য নয়, পুরো ফুটবলের জন্যই ভালো। তবে কোনো চাপ তৈরি করতে চান না কোচ। তিনি জানান, মেসি দীর্ঘদিন ধরে দেশের জন্য খেলছেন এবং দলকে সাফল্য এনে দিয়েছেন, তাই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই প্রাপ্য। এই বিষয়ে কোনো তাড়াহুড়ো করছে না দল।
দলের বর্তমান অবস্থা নিয়ে স্কালোনি বলেন, যারা এখন দলে আছেন তারাই মূল ভিত্তি। এই খেলোয়াড়দের ওপরই আস্থা রাখছেন তিনি। তবে নতুনদের জন্য দরজা বন্ধ নয় বলেও জানান কোচ। তরুণ খেলোয়াড় মাস্তানতুয়োনো ও আরান্দার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা ধীরে ধীরে নিজেদের প্রমাণ করছে। বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং ভবিষ্যতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে প্রস্তুতি ম্যাচের সূচি নিয়ে কিছুটা অসন্তুষ্ট স্কালোনি। নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়, যা দলের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। ইউরোপের দলগুলো নিজেদের প্রতিযোগিতায় ব্যস্ত থাকায় তাদের বিপক্ষে ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। ফলে আর্জেন্টিনাকে আফ্রিকা ও আমেরিকার দলগুলোর বিপক্ষেই প্রস্তুতি সারতে হচ্ছে।
নিজেদের মাঠে খেলার সুযোগ অবশ্য ইতিবাচক হিসেবে দেখছেন স্কালোনি। তিনি বলেন, ‘লা বোমবোনেরা’-তে পরিবারের সামনে খেলতে পারলে খেলোয়াড়রা বাড়তি আত্মবিশ্বাস পায় এবং মানসিকভাবে ভালো থাকে।
জাতীয় দলে আনহেল দি মারিয়ার ফেরার গুঞ্জন নিয়েও কথা বলেন আর্জেন্টিনা কোচ। তিনি জানান, দি মারিয়ার সঙ্গে তার সম্পর্ক ভালো। তবে তার মতে, জাতীয় দলে তার অধ্যায় শেষ। এখন নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সময় এসেছে, যারা ভবিষ্যতে দলকে এগিয়ে নিয়ে যাবে।
বিশ্বকাপের ভেন্যুতে আবহাওয়া নিয়েও কিছুটা চিন্তিত স্কালোনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গরম ও আর্দ্রতা খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। তাই এই বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দল।
সব মিলিয়ে, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের সেরা খেলাটা দিতে চায়। স্কালোনি মনে করেন, প্রতিপক্ষ দলগুলো তাদের আলাদা গুরুত্ব দেবে। তবে তার দলও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এখন অপেক্ষা শুধু মেসির সিদ্ধান্তের।
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৬/টিএ




















