
ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ যেন ফিরে এসেছে আবার। সেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের আগে এক প্রকার হুংকার দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ফাইনালে ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার কথা বলেছিলেন এই অলরাউন্ডার। ২০২৬ সালে একই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। হাইভোল্টেজ এই ম্যাচের আগে একই সুরে কথা বললেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
আগামীকাল (রোববার) শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এর আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এক প্রকার হুংকার ছুড়েছেন কিউই অধিনায়ক স্যান্টনার। ভারতের গ্যালারিভর্তি দর্শকদের চুপ করিয়ে দিয়েই শিরোপা ঘরে তুলতে চায় ব্লাকক্যাপসরা।
স্যান্টনার বলেন, ‘আমাদের ওটাই লক্ষ্য, দর্শকদের চুপ করিয়ে দেওয়া। টুর্নামেন্ট জুড়ে অনেক বড় দলই এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আমার মনে হয়, আমরা যদি ছোট ছোট মুহূর্তগুলো কাজে লাগাতে পারি, তাহলে ভালো করা সম্ভব। তাতে ভারতকে তাদের ঘরের মাঠে চাপে ফেলতে পারবো।’
বিশ্বকাপের গত কয়েকটি আসরে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছে নিউজিল্যান্ড। সবশেষ চার আসরের দুই আসরে সেমিফাইনাল এবং একটি আসরে ফাইনাল খেলেছে তারা। যদিও সবশেষ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় কিউইরা। তবে এবারের আসরে শক্তিশালী রূপে ফিরেছে দলটি। ২০২১ আসরের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ব্লাকক্যাপসরা। শেষবার ফাইনালে শিরোপা খোয়ালেও এবার শিরোপা ঘরে তুলতে চায় দলটি।
স্যান্টনার বলেন, ‘আমরা গত কয়েক আসর ধরেই ধারাবাহিকভাবে ভালো করছি। এবার আমরা ট্রফি উঁচিয়ে ধরতে চাই। তাতে কিছু মানুষের হৃদয় ভাঙলেও আমি কিছু মনে করব না।’
আগামীকাল রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৬/বিটি






















