Connect with us
ক্রিকেট

পাকিস্তানের দারুণ ব্যাটিং, এলোমেলো বোলিংকে দায়ী করলেন সালাউদ্দিন

Salauddin blames erratic bowling for Pakistan’s comeback.
পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর পেছনে এলোমেলো বোলিংকে দায়ী করেছেন সালাউদ্দিন। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে চালকের আসনে থেকে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিন এসে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। 

প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান তুলেছিল বাংলাদেশ। তবে আজ (শনিবার) দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে বাকি ৬ উইকেট হারিয়ে ১১২ রানের বেশি যোগ করতে পারেনি স্বাগতিকরা। বোলারদের কামব্যাকের পর ব্যাটারও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।

বাংলাদেশের দেয়া ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে ২৩৪ রানে পিছিয়ে সফরকারী। তবে হাতে রয়েছে গুরুত্বপূর্ণ ৯টি উইকেট।



দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কথা বলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর পেছনে বাংলাদেশের এলোমেলো বোলিংকে দায়ী করেছেন তিনি। তবে বাকি দিনগুলোতে ঘুরে দাঁড়ানোর সুযোগও দেখছেন।

সালাউদ্দিন বলেন, ‘আমি মনে করি আমরা আজকে একটু এলোমেলো বোলিং করছি ল। যেহেতু এটা টেস্ট ক্রিকেট, এখনো কামব্যাক করার অনেক সুযোগ আছে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, আসলে এই উইকেটে কোথায় বল করতে হবে, কোন জায়গায় বল করলে আসলে ব্যাটারকে চ্যালেঞ্জে ফেলা যাবে। হয়ত কাল আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব।’

আজ বাংলাদেশকে অনেক ভুগিয়েছে ফিল্ডিং। বিশেষ করে স্লিপে বেশ কয়েকটি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘আমাদের কিছু জায়গায় উন্নতি দরকার। বিশেষ করে স্লিপ ক্যাচিং। এই জায়গায় কীভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে আমরা কথা বলব।’

এছাড়া পাকিস্তানের বোলারদেরও কৃতিত্ব দিয়েছেন সালাউদ্দিন। তবে আরও ৫০ রান বেশি হলে ভালো হতো বলে মনে করেন এই দেশি কোচ, ‘সকাল বেলা পাকিস্তান ভালো বোলিং করেছে। রান করা কঠিন ছিল। আরেকটা ভালো জুটি হলে আমাদের জন্য ভালো হতো। দিন শেষে আমরা তো ৪০০ রান পার করছি। আমার মনে হয় আর ৫০ রান বেশি করলে আমাদের জন্য অনেক ভালো হতো।’

আগামীকাল (রোববার) সকাল ১০টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা। পাকিস্তানের হয়ে ক্রিজে আছেন দুই অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইস (৮৫*) ও আব্দুল্লাহ ফজল (৩৬*)।

ক্রিফোস্পোর্টস/৯মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট