
চলতি বছর মাঠে গড়াবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। এবারের আসরের আয়োজক দেশ ভারত। আগামী ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত ভারতের গোয়ায় দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াই অনুষ্ঠিত হবে।
নারী সাফ সামনে রেখে আজ (বুধবার) ঢাকায় সাফের কার্যালয়ে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করা হয়েছে।
নারী সাফের ড্র শেষে ‘এ’ গ্রুপে পড়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গ্রুপের আরেকটি দল হলো মালদ্বীপ। তবে ভারত টুর্নামেন্টের আয়োজক দেশ হওয়ায় আগেই নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। তাই এবারের নারী সাফ ৬ দল নিয়েই অনুষ্ঠিত হবে।
আগামী ২৫ মে ভুটান ও মালদ্বীপের ম্যাচ দিয়ে ২০২৬ নারী সাফের পর্দা উঠবে। একই দিনে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। এরপর ২৮ মে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিনে মালদীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ।
এরপর ৩১ মে দিনের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। একইদিন ভারত ও বাংলাদেশের ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের খেলা। দুই গ্রুপ থেকেই শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে।
গ্রুপ পর্ব শেষে ৩ জুন দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল। এরপর দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এরপর ৬ জুন ফাইনালের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার শেষ্ঠ দল নির্ধারিত হবে।
২০২৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপের দুই গ্রুপ-
‘এ’ গ্রুপ : নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান
‘বি’ গ্রুপ : বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ
একনজরে ২০২৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপের সময়সূচি-
গ্রুপ পর্ব
| তারিখ | ম্যাচ | সময় (বাংলাদেশ) |
| ২৫ মে | ভুটান বনাম নেপাল | বিকাল ৫টা |
| ২৫ মে | মালদ্বীপ বনাম ভারত | রাত ৮টা |
| ২৮ মে | শ্রীলঙ্কা বনাম ভুটান | বিকাল ৫টা |
| ২৮ মে | বাংলাদেশ বনাম মালদ্বীপ | রাত ৮টা |
| ৩১ মে | নেপাল বনাম শ্রীলঙ্কা | বিকাল ৫টা |
| ৩১ মে | বাংলাদেশ বনাম ভারত | রাত ৮টা |
নকআউট পর্ব
| ৩ জুন | সেমিফাইনাল-১ | বিকাল সাড়ে ৪টা |
| ৩ জুন | সেমিফাইনাল-২ | রাত সাড়ে ৮টা |
| ৬ জুন | ফাইনাল | রাত ৭টা |
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৬/বিটি























