
বাংলাদেশের হয়ে একাই ৬ উইকেট নিয়েও দলকে জয়ের দেখা এনে দিতে পারেননি নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে ২৫ রানের হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে স্বাগতিকরা তোলে ১৪১ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হারের কারণ, নিজের বোলিং এবং দলের প্রস্তুতি নিয়ে কথা বলেন রানা।
রানার মতে, বোলিংয়ে বাংলাদেশ ভালো শুরু করলেও ব্যাটিংয়ে সেই ধারাবাহিকতা ছিল না। তিনি বলেন, বড় একটি জুটি গড়ে উঠলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারানোও দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তবে সবাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন এই পেসার। তাঁর মতে, দলে থাকা ১৫ জন ক্রিকেটারেরই সব সময় খেলার জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ যে কোনো সময় ব্যাট করার সুযোগ আসতে পারে।
নিজের বোলিং নিয়ে রানা বলেন, শুরুটা ভালো হয়েছে। তবে জিম্বাবুয়ের শেষ দিকের জুটিটি আরও আগে ভাঙতে পারলে হয়তো তারা এত রান করতে পারত না। তাঁর মতে, ওই সময়ে বোলারদের কিছুটা খারাপ বল হয়েছে, যার সুযোগ নিয়েছে প্রতিপক্ষ।
রানা জানান, তিনি সব সময় বোলিং উপভোগ করেন এবং চেষ্টা থাকে নিজের সেরাটা দিয়ে দলকে জিততে সাহায্য করার। কিন্তু এদিন তা সম্ভব হয়নি। শেষ জুটিটি দ্রুত ভাঙতে পারলে ম্যাচের ফল অন্য রকমও হতে পারত বলে মনে করেন তিনি।
আসন্ন ম্যাচগুলো নিয়ে আশাবাদী এই ডানহাতি পেসার। তিনি বলেন, প্রতিটি সিরিজ থেকেই আত্মবিশ্বাস পাওয়া যায়, বিশেষ করে জিততে পারলে। প্রথম টেস্টে না খেলার বিষয়ে রানা জানান, কাজের চাপ বিবেচনায় তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। সামনে থাকা ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৬/টিএ























