
টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পর খেলোয়াড় ও দলের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য মোট ১৩১ কোটি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এই অঙ্ক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নির্ধারিত পুরস্কারের চেয়েও বেশি। এবারের বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার মোট পুরস্কারের পরিমাণ ছিল ১২১ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকার সমান। এর চেয়েও বেশি অর্থ পুরস্কার হিসেবে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। এই জয়ের মাধ্যমে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে দলটি। একই সঙ্গে একমাত্র দল হিসেবে তিনবার এই শিরোপা জয়ের রেকর্ডও গড়েছে তারা।
এর আগে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপেও শিরোপা জিতেছিল ভারত। সে সময় ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর খেলোয়াড়দের জন্য ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এবার সেই অঙ্ক আরও ৬ কোটি রুপি বাড়ানো হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, সহকারী কর্মী ও নির্বাচকদের এই অর্থ পুরস্কার দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত শিরোপা জিতেছে এবং সফলভাবে নিজেদের শিরোপা ধরে রেখেছে। এর মাধ্যমে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
এ ছাড়া তিনবার শিরোপা জয়ের মাধ্যমে ভারত এই প্রতিযোগিতার অন্যতম সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বলেও উল্লেখ করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড খেলোয়াড়, সহকারী কর্মী এবং নির্বাচকদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও দলের সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৬/টিএ






















