ভারতের দেওয়া ২৩৪ রানের লক্ষ্য সহজ ছিল না। শুরুতেই দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। পরে আরও কয়েকটি উইকেট হারিয়ে দলটি যখন বিপদে, তখন দায়িত্ব নেন জো রুট। তার অপরাজিত ৯৯ রানের অসাধারণ ইনিংসে ভর করে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরেছে।
কার্ডিফে বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারত ৪৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে। বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার দুজনই ৬৫ ও ৬৬ রান করেন। তবে ৩ উইকেটে ১৭৮ রান থেকে শেষ সাত উইকেট মাত্র ৫৫ রানে হারিয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ হাতছাড়া করে সফরকারীরা।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে গাস অ্যাটকিনসন ও জফরা আর্চার তিনটি করে উইকেট নেন। শেষ দিকে তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই ভারত নির্ধারিত ওভার শেষ করার আগেই অলআউট হয়ে যায়।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম চার ওভারের মধ্যেই দুই উইকেট হারায় ইংল্যান্ড। পরে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন জো রুট। হ্যারি ব্রুক, স্যাম কারান, জস বাটলার ও উইল জ্যাকস কেউ বড় ইনিংস খেলতে না পারলেও রুট ধৈর্যের সঙ্গে দলকে এগিয়ে নেন।
ষষ্ঠ উইকেটে উইল জ্যাকসের সঙ্গে ৭২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। পরে গাস অ্যাটকিনসনকে নিয়ে বাকি পথ পার করেন। জয়ের জন্য যখন মাত্র তিন রান প্রয়োজন, তখন রুট ছিলেন ৯৯ রানে। কিন্তু পরের বলেই অ্যাটকিনসন চার মেরে দলের জয় নিশ্চিত করায় এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় রুটের। তিনি ১৩৩ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন।
একদিনের ক্রিকেটে এটি ছিল রুটের টানা পঞ্চম অর্ধশতক বা তার বেশি রানের ইনিংস। এই ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। একই সঙ্গে ৯৯ রানে অপরাজিত থাকা প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবেও নাম লেখান রুট।
টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে জয়ের পর একদিনের সিরিজেও ভালো শুরু করেছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের জয়ে এখন তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায়। আগামী রোববার লর্ডসে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৬/টিএ



