
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায় হয়তো শেষ হয়ে গেছে। কারণ ২০২৬ বিশ্বকাপের সময় তাঁর বয়স ৪১ বছর পেরিয়ে যাবে। তবে সব আলোচনা ও শঙ্কার অবসান ঘটিয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন পর্তুগালের এই তারকা ফুটবলার।
পর্তুগালের ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রোনালদো। গতকাল তিনি দলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। অনুশীলনে যোগ দিতে যাওয়ার একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ মিশন শুরু।’
এবারের বিশ্বকাপ হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর মাধ্যমে বিশ্বকাপে সবচেয়ে বেশি অংশ নেওয়া ফুটবলারদের তালিকায় তিনি উঠে আসবেন শীর্ষে। আগের পাঁচটি বিশ্বকাপে তিনি ২২টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ৮টি গোল।
দীর্ঘ ফুটবল জীবনে অসংখ্য সাফল্য অর্জন করেছেন রোনালদো। তবে বিশ্বকাপ শিরোপা এখনও তাঁর হাতে ওঠেনি। তাই এবারের আসরে সেই স্বপ্ন পূরণই হবে তাঁর সবচেয়ে বড় লক্ষ্য।
রোনালদোর ভবিষ্যৎ নিয়েও আশাবাদী পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ। তাঁর মতে, সাফল্যের পরও নিজেকে আরও ভালো করার যে চেষ্টা রোনালদো চালিয়ে যাচ্ছেন, সেটিই তাঁকে এতদিন শীর্ষ পর্যায়ে টিকিয়ে রেখেছে।
এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, রোনালদোর সবচেয়ে বড় শক্তি তাঁর জয়ের ইচ্ছা এবং কঠোর পরিশ্রমের মানসিকতা। তিনি মনে করেন, এই গুণই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
এমনকি ২০৩০ বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্তিনেজ। তাঁর মতে, রোনালদো অবশ্যই সেই লক্ষ্য নিয়ে লড়াই করবেন এবং এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই।
মার্তিনেজ আরও বলেন, রোনালদোর পেশাদার মানসিকতা ও পরিশ্রম তরুণ ফুটবলারদের জন্য অনুসরণ করার মতো উদাহরণ।
আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।
ক্রিফোস্পোর্টস/২জুন২৬/টিএ






















