Connect with us
ফুটবল

আরও একটি শিরোপা হাতছাড়া, ডাগআউটে বসে কাঁদলেন রোনালদো

ডাগ আউটে বসে কাঁদলেন রোনালদো। ছবি: সংগৃহীত

আরেকটি শিরোপা হাতছাড়া হওয়ার পর নিজেকে সামলে রাখতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষের বাঁশি বাজতেই মাঠ ছেড়ে ধীরে ধীরে ডাগআউটের দিকে হাঁটেন তিনি। মুখে ছিল হতাশার ছাপ। পরে বেঞ্চে বসেই কান্নায় ভেঙে পড়েন এই তারকা ফুটবলার।

শনিবার এশিয়ার ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতার ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হারে আল নাসর। পুরো ম্যাচে আক্রমণ, বল দখল আর সুযোগ তৈরিতে এগিয়ে থেকেও জিততে পারেনি সৌদি আরবের ক্লাবটি।

ম্যাচের ৩০তম মিনিটে একমাত্র গোলটি করেন ডেনিজ হুমেট। সেই গোলই শেষ পর্যন্ত গাম্বা ওসাকাকে শিরোপা এনে দেয়।



হার নিশ্চিত হওয়ার পর রোনালদোকে খুব ভেঙে পড়া অবস্থায় দেখা যায়। মাঠ থেকে বের হওয়ার সময় দলের এক কর্মকর্তা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তবে তিনি তখন একেবারেই নিশ্চুপ ছিলেন। ডাগআউটে বসে চোখের জল মুছতে দেখা যায় তাকে।

এই ম্যাচে সবচেয়ে বেশি চেষ্টা করেছিলেন রোনালদোই। তিনি একাই পাঁচটি শট নেন এবং প্রতিপক্ষের বক্সে সবচেয়ে বেশি বল স্পর্শ করেন। কিন্তু গোলের দেখা পাননি।

ফাইনালের আগে পুরো প্রতিযোগিতায় অপরাজিত ছিল আল নাসর। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল দলটি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই থেমে গেল তাদের পথচলা।

হারার পর পদক নিতে মঞ্চেও যাননি রোনালদো। দলের অন্য খেলোয়াড়েরা কোচকে নিয়ে মঞ্চে উঠলেও তিনি আলাদা ছিলেন।

আল নাসরে যোগ দেওয়ার পর এটি ছিল রোনালদোর ১৪তম প্রতিযোগিতা বা লিগ। এখন পর্যন্ত কোনো বড় শিরোপা জিততে পারেননি তিনি। ইউরোপে বহু সাফল্য পাওয়া এই তারকা এশিয়ায় এসে এখনো বড় কোনো শিরোপার দেখা পেলেন না।

তবে সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। সৌদি আরবের লিগে এখনো শীর্ষে আছে আল নাসর। শেষ ম্যাচে জিততে পারলে শিরোপা জয়ের সুযোগ থাকবে রোনালদোদের সামনে। এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে আছে দলটি।

ক্রিফোস্পোর্টস/১৭মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল