Connect with us
ফুটবল

এবার ফুটবল ক্লাবের মালিকানা কিনে নিলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

বহু বছর ফুটবল ক্যারিয়ারের মাঝে এবার ফুটবল ক্লাবের মালিকই বনে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ লিগ ছেড়ে বহু আগেই অন্য পথে হাঁটলেও স্পেনের ফুটবলে নিজের উপস্থিতি ধরে রাখলেন রোনালদো। তবে এবার আর মাঠের খেলোয়াড় হিসেবে নয়, ক্লাব মালিক হিসেবে।

স্পেনের দ্বিতীয় বিভাগের দল ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ তারকা। নিজস্ব বিনিয়োগ কোম্পানির মাধ্যমে সম্পন্ন হয়েছে চুক্তিটি।

সম্প্রতি ৪১ বছরে পা দেওয়া রোনালদো আগেই জানিয়েছিলেন, খেলোয়াড়ি জীবন শেষ হলে একটি ফুটবল ক্লাবের মালিক হতে চান। তবে অবসর নেওয়ার আগেই সেই পরিকল্পনা বাস্তবায়ন করলেন তিনি। সংশ্লিষ্ট মহলের মতে, এটি আবেগের সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ।



এক বিবৃতিতে রোনালদো বলেন, মাঠের বাইরে থেকেও ফুটবলের উন্নয়নে অবদান রাখার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। আলমেরিয়াকে তিনি সম্ভাবনাময় ও সুসংগঠিত একটি ক্লাব হিসেবে দেখছেন। দলটির নতুন বিকাশপর্বে সক্রিয়ভাবে যুক্ত থাকতে চান বলেও জানান তিনি।
গত বছরের মে মাসে সৌদি বিনিয়োগ গোষ্ঠী ক্লাবটির নিয়ন্ত্রণ নেয়। ক্লাব সভাপতি মোহাম্মদ আল খেরেইজি রোনালদোকে অংশীদার হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, স্প্যানিশ ফুটবল ও লিগ কাঠামো সম্পর্কে রোনালদোর অভিজ্ঞতা ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে, বিশেষ করে যুব একাডেমি গড়ে তোলার ক্ষেত্রে।

২০২৪ সালের এপ্রিলে শীর্ষ লিগ লা লিগা থেকে অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যায় আলমেরিয়া। তবে চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে তারা। ২৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থেকে আবারও লা লিগায় ফেরার লড়াই জোরালো করেছে দলটি।

খেলোয়াড় রোনালদোর পর এবার উদ্যোক্তা রোনালদোর নতুন অধ্যায়, স্পেনের মাটিতেই শুরু হলো আরেকটি পথচলা।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ফুটবল