
ঘরের মাঠে বরাবরই শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট দল। সাদা বলের সিরিজে অনেক বড় বড় প্রতিপক্ষকে ঘরের মাঠে ধবলধোলাই করেছে টাইগাররা। আসন্ন পাকিস্তান সিরিজেও বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে ভাবছেন না তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
ওয়ানডেতে নিজেদের সেরা ছন্দে নেই বাংলাদেশ। গেল বছর তিনটি ওয়ানডে সিরিজের দুটিতেই হেরেছে টাইগাররা। তাতে র্যাঙ্কিংয়েও অবনতি হয়ে ১০তম স্থানে নেমে গেছে লাল-সবুজের দল। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের র্যাঙ্কিংয়েও রয়েছে বড় পার্থক্য। টাইগারদের চেয়ে ৬ ধাপ এগিয়ে চারে অবস্থান করছে শাহিন আফ্রিদির দল। তবে কাগজে-কলমে পাকিস্তান এগিয়ে থাকলেও বাংলাদেশকে তাদের নিজেদের কন্ডিশনে শক্তিশালী মনে করছে পাকিস্তান তারকা রিজওয়ান। এই সিরিজে স্বাগতিকদের হালকাভাবে নিচ্ছে না তারা।
রিজওয়ান বলেন, ‘আমাদের জন্য এই সিরিজটি কাগজে কলমে সহজ মনে হতে পারে। তবে বাংলাদেশ তাদের নিজেদের কন্ডিশনে খুবই শক্তিশালী। এই উইকেটে তারা বেশ সুবিধা পায়। তবে এই স্কোয়াডের কয়েকজনের বাংলাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় চলতি বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়েই বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে শান্ত-মিরাজরা। তাই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতাটা মোটেও সহজ হবে না।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ (রোববার) ভোরে ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ১১ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১৩ ও ১৫ মার্চ যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ দুপুর সোয়া দুইটায় শুরু হবে।
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৬/বিটি






















