
সাফের শিরোপা ঘরে উঠেছে আগেই। চোখে এবার নতুন স্বপ্ন। ‘নারী এশিয়ান কাপ’ সামনে রেখে নতুন উদ্যমে মাঠে ফিরেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে প্রথম অনুশীলন সেশনেই দেখা গেছে তাদের প্রাণবন্ত উপস্থিতি।
স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শিষ্যদের অনুশীলন করান কোচ পিটার বাটলার। ঢাকা থেকে সিডনি লম্বা ভ্রমনের পরও খুব বেশি ক্লান্তির ছাপ ছিলো না আফঈদা, মারিয়াদের চোখে মুখে। অনুশীলনে বেশ সতেজ ও চাঙ্গা ছিলো তারা।
নারী এশিয়ান কাপে বাংলাদেশ পড়েছে শক্তিশালী গ্রুপে। প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। চ্যালেঞ্জ কঠিন লাল-সবুজের মেয়েদের জন্য। দক্ষিণ এশিয়ার বাইরে জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো খেলছে টুর্নামেন্টে।
তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া বাংলাদেশ দল আত্মবিশ্বাসী টুর্নামেন্টে লড়াকু ফুটবল উপহার দেয়ার জন্য। প্রস্তুতিতে সিডনির কন্ডিশনের সাথে মানিয়ে নিচ্ছে বাটলারের দল। ম্যাচের কৌশল ও পরিকল্পনায় শিষ্যদের দক্ষ করে করে তুলছেন কোচ।
আগামী পহেলা মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। শুধু অংশ নেয়া নয়, এশিয়ান মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করাই লক্ষ্য অদম্য কন্যাদের। কোনো খেলোয়াড়ের ইনজুরি নেই, নিশ্চিত করেছেন দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ।
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৬/এনজি
























