Connect with us
ক্রিকেট

বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন রিশাদের দল

Rishad's team wins Big Bash League title
বিবিএলের প্রথম শিরোপা জিতেছে রিশাদের দল হোবার্ট হারিকেনস। ছবি- সংগৃহীত

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বের নজরে এসেছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশি এই লেগি নজর কাড়েন বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসের। বিবিএলের ১৪তম আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে নেয় হোবার্ট। তবে এনওসির জটিলতায় শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজিটির হয়ে খেলতে যেতে পারেননি বাংলাদেশের এই লেগ স্পিন অলরাউন্ডার।

এবার সেই হোবার্ট হারিকেন্স বিপিএলের ১৪তম আসরের শিরোপা জিতেছে। এর আগে দুটো ফাইনালে রানার্সআপ হওয়া ফ্রাঞ্চাইজিটি নিজেদের তৃতীয় ফাইনালে এসে প্রথম শিরোপার দেখা পেয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিবিএলের ফাইনালে সিডনি থান্ডারকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে হোবার্ট হারিকেন্স। হোবার্টের বেলেরিভ ওভালে আগে ব্যাট করে ১৮২ রানের পুঁজি পায় সিডনি। জবাবে খেলতে নেমে মাত্র ১৪.১ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় হোবার্ট।




আরও পড়ুন:

» টেস্ট চ্যাম্পিয়নশিপে সুখবর পেল বাংলাদেশ

» টানা ৫ জয়ে রংপুরকে ছুঁয়ে ফেললো বরিশাল


এর আগে বিবিএলের তৃতীয় আসরে প্রথমবার এবং সপ্তম আসরে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল হোবার্ট। কিন্তু প্রথম ফাইনালে পার্থ স্কর্চার্স ও দ্বিতীয় ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে হেরে যায় হোবার্ট। তবে তৃতীয় ফাইনালে এসে ঘরের মাঠে সিডনি থান্ডার্সকে কোনো পাত্তা না দিয়েই ম্যাচটি জিতে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

এদিন রিশাদও হয়ত হোবার্টের এই ইতিহাসের সাক্ষী হতে পারতেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি (অনাপত্তিপত্র) না পাওয়ায় অস্ট্রেলিয়ার এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হয়নি এই লেগির।

মূলত বিবিএল শুরুর কয়েকদিন পরেই মাঠে গড়ায় বিপিএল। যে কারণে বিবিএলের শুরুর কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পেলেও পুরো মৌসুম খেলতে পারতেন না রিশাদ। যে কারণে শেষ পর্যন্ত আর এনওসি পাননি এই লেগ স্পিন অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট